ঘুরে দাঁড়াতে জয় দরকার মরিনিয়োর
জোসে মরিনিয়োর ক্যারিয়ারে সাফল্য ভুরিভুরি। ভিন্ন দুই দলের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের ভিন্ন চারটি লিগ জয়ের সুখস্মৃতিও আছে একাধিকবার। স্বঘোষিত 'দ্য স্পেশাল ওয়ান' নামে পরিচিত এই কোচই বর্তমানে আছেন প্রচণ্ড চাপে। ঘুরে দাঁড়াতে একটা জয় বড় বেশি প্রয়োজন।
সব প্রতিযোগিতা মিলে গত সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে মরিনিয়োর দল চেলসি। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে 'ব্লুজ' নামে পরিচিত দলটি।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার রাত পৌনে দুইটায়।
মৌসুমের শুরু থেকে একের পর এক হারে লিগের পঞ্চদশ স্থানে থাকা নেমে গেছে চেলসি। ১১ রাউন্ড শেষে তাদের পয়েন্ট মাত্র ১১। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এরই মধ্যে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা। ফলে গতবারের চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষই হয়ে গেছে প্রায়।
গত মাসের শেষ সপ্তাহে স্টোক সিটির কাছে হেরে লিগ কাপ থেকেও ছিটকে গেছে চেলসি। এত এত ব্যর্থতার ভিড়েও স্ট্যামফোর্ডের সমর্থকেরা এখনও মরিনিয়ো ও তার দলের পাশেই আছে।
নিজের নামের প্রতি সুবিচার করতে, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে এবং ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে দলকে সাফল্যের পথে ফেরানোটা বড় বেশি দরকার মরিনিয়োর।
