২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের মাঠে আত্মবিশ্বাসী আর্সেনাল

প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয়ের আত্মবিশ্বাসে এবার দ্বিতীয়বারের মতো বায়ার্ন মিউনিখকে আটকে রাখতে চায় আর্সেনাল। দলে চোট সমস্যা থাকলেও গত কয়েক ম্যাচে আক্রমণভাগের দারুণ ছন্দ খুব একটা ভাবাচ্ছে না তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:07 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে দল দুটি।

গত শনিবার সোয়ানসি সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল লিগে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গেই আছে।

গত কয়েক সপ্তাহে আর্সেনালের জয়ের ধারায় মূল অবদান অলিভিয়ে জিরুদ ও মেসুত ওজিলের। গত ছয় ম্যাচে ৬টি গোল করেন ফরাসি স্ট্রাইকার জিরুদ। আর ১০ ম্যাচে ৯টি গোল করান জার্মান প্লেমেকার ওজিল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে হেরে যায় আর্সেনাল। তবে দুই সপ্তাহ আগে তৃতীয় রাউন্ডে এই বায়ার্নকেই হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় আর্সেন ভেঙ্গারের দল।

বায়ার্নের অবস্থা ঠিক উল্টো। বুন্দেসলিগার শুরু থেকে রেকর্ড টানা ১০ ম্যাচ জিতে উড়তে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম দুই ম্যাচে জেতে। তারপরই আর্সেনালের বিপক্ষে ওই ম্যাচ, ২-০ গোলে হেরে বসে পেপ গুয়ার্দিওলার দল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সেটাই ছিল তাদের প্রথম হার।

ওই হারের পরও 'এফ' গ্রুপের শীর্ষেই আছে বায়ার্ন। অলিম্পিয়াকোসের পয়েন্টও সমান ৬, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তারা। দিনামো জাগরেব ও আর্সেনালের পয়েন্ট সমান ৩, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়ার দলটি।

বায়ার্নের সবশেষ ম্যাচের ফলও হতাশাজনক। গত শুক্রবার লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা, সেটাই বায়ার্নের লিগে প্রথম পয়েন্ট হারানোর ঘটনা।

নিজেদের দুর্দান্ত ফর্মের বিপরীতে প্রতিপক্ষের কিছুটা নাজকু অবস্থা। তারপরও বায়ার্নকে একটুও হালকাভাবে নিচ্ছেন না আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার, নিজেদের ঘর সামলেই আক্রমণে ওঠার ইঙ্গিত দিলেন।

"আমি এক পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। তবে বায়ার্নের আক্রমণাত্মক খেলোয়াড়দের ৯০ মিনিট আটকে রাখাটা কঠিন হবে। যখনই সম্ভব আমাদের চাপ সরাতে হবে এবং গোল করার চেষ্টা করতে হবে।"