২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল-পিএসজির শ্রেষ্ঠত্বের লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে লড়াইয়ে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ফিরে পেতে পারে রিয়াল মাদ্রিদ। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত এই দুই দলের লড়াইয়ে তাই একটু নিশ্চিন্ত থাকতে পারে রাফায়েল বেনিতেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 08:46 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।

অধিনায়ক ও ডিফেন্ডার সের্হিও রামোস, প্লেমেকার হামেস রদ্রিগেস ও স্ট্রাইকার করিম বেনজেমা এখন সুস্থ। দুই সপ্তাহ আগে পিএসজির মাঠে পয়েন্ট হারালেও তাই এবার জয়ের স্বপ্ন দেখছে দলটি।

পিএসজির তেমন কোনো চোট সমস্যা নেই। মৌসুমের শুরু থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানিদের দারুণ পারফরম্যান্সে অদম্য হয়ে ওঠা দলটিতে ফর্মে ফিরেছেন রিয়ালের সাবেক তারকা আনহেল দি মারিয়া।

দি মারিয়ার গোলেই গত শুক্রবার লিগে দশম জয় পায় ফরাসি দলটি। এবার সাবেক ঠিকানায় জ্বলে ওঠায় অপেক্ষায় আছেন আর্জেন্টিনার এই তারকা।

তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে পিএসজি।

রামোস, রদ্রিগেস, বেনজেমা পুরোপুরি সুস্থ হলেও তাদের কারও খেলার ব্যাপারেই নিশ্চিত করে কিছু বলেননি বেনিতেস।

সোমবার সংবাদ সম্মেলনে বেনিতেস বলেন, “হামেস রদ্রিগেস তালিকায় আছে, তুলনামূলক তার অবস্থা ভালো। তার অর্থ এই নয় যে, সে খেলবে।"

বেনিতেসের মতে, বেনজেমা সুস্থ কিন্তু বেল ও আলভারো আরবেলোয়ার মতোই ফরাসি এই ফরোয়ার্ডের এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলায় আত্মবিশ্বাসের ঘাটতি আছে।

লুকা মদ্রিচকে নিয়েও শঙ্কা আছে। সম্প্রতি চোট কাটিয়ে ফিরলেও গত শনিবার লাস পালমাসের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের বিরতিতে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারকে উঠিয়ে নেন কোচ। নিতম্বে চোট পেয়েছেন তিনি।

পিএসজির বিপক্ষে তাই রিজার্ভ দলের কয়েক জনকে নিয়েই পরিকল্পনা সাজাতে হতে পারে বেনিতেসকে।

তবে একটা বিষয় অবশ্য নিশ্চিত, বের্নাবেউয়ে দারুণ এক লড়াই-ই হতে যাচ্ছে। মৌসুমে এখন পর্যন্ত দুটি দলই অপরাজিত। নিজেদের ঘরোয়া লিগেও তারা শীর্ষস্থান ধরে রেখেছে।

তাই জয়ের লক্ষ্যে কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস যেমন সতীর্থদের সতর্ক করে দিলেন।

“তাদের উঁচু-মানের খেলোয়াড় আছে যারা যেকোনো মুহূর্তে আপনার জীবন কঠিন করে তুলতে পারে।”