২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল খেয়ে ক্ষুব্ধ বেনিতেস

লাস পালমাসের বিপক্ষে সহজে জিতলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট রাফায়েল বেনিতেস। একমাত্র গোলটি খাওয়া নিয়েও ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ইসকো আর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ১৪ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ৩৮তম মিনিটে হেডে একটি গোল শোধ করেন হের্নান। পাঁচ মিনিট পরেই রিয়ালের তৃতীয় গোলটি করেন হেসে রদ্রিগেস।

প্রথমার্ধের দারুণ পারফরম্যান্স বিরতির পর আর ধরে রাখতে পারেনি রোনালদো-মার্সেলোরা। আর তাতেই রাগান্বিত বেনিতেস।

"ম্যাচের শুরুটা ছিল চমৎকার। শুরুতেই এগিয়ে যাওয়াটা আমাদের নিশ্চিন্ত করে দিতে পারে, ম্যাচ শুরুর আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু তা কাটিয়ে উঠতে পারিনি।"

"(এই ম্যাচে) যা ভালো কিছু আমরা করেছি, সবই প্রথমার্ধে এসেছে। দ্বিতীয়ার্ধে তার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারিনি।"

শিষ্যদের ঢিলেমিকে গোল খাওয়ার কারণ হিসেবে উল্লেখ করে বেনিতেস বলেন, "গোল খেয়ে আমি রেগে গিয়েছিলাম।"

ম্যাচটি ৩-১ গোলে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল।