ঘরের মাঠে ইউভেন্তুসের কষ্টের জয়
ইতালির শীর্ষ লিগ সেরি আয় আবারও হোঁচট খেতে বসেছিল ইউভেন্তুস। তবে শেষ মুহূর্তের গোলে তোরিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ ইউভেন্তুস স্টেডিয়ামে উনবিংশ মিনিটে পল পগবার গোলে এগিয়ে যায় মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল। কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদোর ক্রসে হাফ ভলি করে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার পগবা।
৫১তম মিনিটে ইতালির ডিফেন্ডার সেজারে বোভো গোলটি শোধ করে দিলে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খাওয়া ইউভেন্তুস।
তবে যোগ করা সময়ে ব্রাজিলের ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পাস পেয়ে কুয়াদরাদো সহজেই বল জালে জড়ালে জয় নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের।
১০ ম্যাচে ইউভেন্তুসের এটা তৃতীয় জয়। ১২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তারা।
