২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এগিয়ে যেতে চায় চট্টগ্রাম আবাহনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সাফল্য চট্টগ্রাম আবাহনীর স্বপ্নটাকে আরও বড় করে দিয়েছে। শিরোপা উৎসবে মেতে থাকা দলটি এখন ঘরোয়া লিগেও ভালো করার স্বপ্ন দেখছে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 09:30 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

কলকাতার ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের কাছে হার দিয়ে ক্লাব কাপ শুরু করে চট্টগ্রাম আবাহনী। সেই ইস্ট বেঙ্গলকে উড়িয়ে দিয়েই গত শুক্রবার শিরোপা উৎসবে মাতে বন্দরনগরীর দলটি। কোচ শফিকুল ইসলাম মানিকও নতুন মৌসুম সামনে রেখে দলটাকে গুছিয়ে নিতে চাইছেন নিজের মতো করে।

ক্লাব কাপের শুরু থেকেই প্রস্তুতির কমতির কথা বরাবরই স্বীকার করে নিয়েছেন মানিক। জামাল ভূইয়া, ওয়ালি ফয়সালদের মতো নির্ভরযোগ্য খেলোয়াড় না পাওয়ার ক্ষোভটাও একাধিকবার সংবাদ সম্মেলনে জানান তিনি। কিন্তু প্রস্তুতির কমতি নিয়ে শেষ পর্যন্ত তার দলটি বাজিমাত করেছে।

কিভাবে সম্ভব হলো জানতে চাইলে মানিক বলেন, “ছেলেদের প্রস্তুতি ও ফিটনেস নিয়ে একটু সমস্যা ছিল। তাছাড়া টানা খেলে যাওয়ার ক্লান্তিও ছিল। এ কারণে শেষ দিকের ম্যাচের আগে অনুশীলন কমিয়ে ওদের মানসিকভাবে তৈরি করার কাজটাই বেশি করেছি এবং এটাই ওদের আরও ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে।”

শুরুতে স্বপ্নটাকে সেমি-ফাইনালে আটকে রেখেছিলেন মানিক। তবে জাহিদ হোসেনের নৈপুণ্যে শক্তিশালী ঢাকা আবাহনীকে হারিয়ে এবং গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিককে উড়িয়ে সেরা চারে জায়গা করে নেয় দলটি। এভাবে ঘুরে দাঁড়ানোয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বলে জানান কোচ।

“প্রস্তুতির কমতি আমাদের আগে থেকেই ছিল। তবে বিশ্বাস ছিল, কোনোভাবে যদি সেমি-ফাইনালে যেতে পারি, তাহলে ফাইনালেও উঠতে পারব।”

পেশাদার লিগের গত মৌসুমে মোটেও ভালো করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ১১ দলের মধ্যে নবম হয় দলটি। লিগে ভালো করার পরিকল্পনার ছক করতে থাকা মানিক তাকিয়ে আছেন ক্লাব কর্তৃপক্ষের দিকে।

“আমরা আরও এগিয়ে যেতে চাই। নভেম্বরে আমরা খেলোয়াড় খোঁজ করব (প্লেয়ার হান্টিং)। দলবদলের দেরি আছে। শক্তিশালী একটা দল গড়ার ইচ্ছা আছে আমার এবং বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বসব।”

শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেনদের ধারে নিয়ে ক্লাব কাপের আসরে খেলেছে। এমিলি ও জাহিদ প্রত্যাশার প্রতিদান দিয়েছেন। দুজনই জানালেন, চট্টগ্রামকে শিরোপা এনে দিতে পেরে আনন্দিত তারা।

গত শুক্রবারের ফাইনাল রাতে শেষ হওয়ায় উৎসবটা ঠিকঠাক জমেনি বলেই জানান জাহিদ।

“ম্যাচ শেষ করে হোটেলে ফিরতে দেরি হয়েছিল। খুব বেশি উৎসব হয়নি; আজ করব।”

চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়ে চার গোল অবদান রাখা এই ফরোয়ার্ডের কিছুটা দুঃখ আছে টুর্নামেন্টের প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করেও কোনো ব্যক্তিগত পুরস্কার না পাওয়ার। তবে দলের অর্জনে খুশি ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডও।

“গোঁড়ালির চোটের কারণে ফাইনালে আমার খেলার কথাই ছিল না। তারপরও দলের কথা ভেবে খেলেছি। এখন গোঁড়ালির অবস্থা ভালো। দলের জয়ে আমি খুশি।”

অধিনায়ক ও ফরোয়ার্ড-এই দুই ভূমিকার মধ্যে এমিলি একটিতে সফল। অধিনায়ক হিসেবে দলকে ক্লাব কাপের প্রথম আসরের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে প্রতিপক্ষের জালের নাগাল পাননি জাতীয় দলের এই নির্ভরযোগ্য ফরোয়ার্ড।

শিরোপা উৎসবের কথা জানাতে গিয়ে এমিলি বলেন, “আমরা ভীষণ আনন্দিত। গত রাতে ক্লাব সভাপতি এসেছিলেন; তিনি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গেছেন। আমরাও যথেষ্ঠ আনন্দ করেছি। আসলে এই আনন্দ বলে বোঝানো যাবে না।”

আর গোল না পাওয়ার ব্যাখ্যায় জাতীয় দলের এই নির্ভরযোগ্য ফরোয়ার্ডে যুক্তি, “আমরা অনেক কম প্রস্তুতি নিয়ে নেমেছিলাম। দলে খেলোয়াড় সংকটও ছিল। এ কারণে আপনারা নিশ্চয় দেখেছেন, আমাকে নিচে নেমে মিডফিল্ডে খেলতে হয়েছে। বিশ্বাস করি, এই আসরে অধিনায়ক ও খেলোয়াড়-দুই ভাবেই আমি সফল হয়েছি।”

টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্তাব্যক্তিরা বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাব কাপের এই আসর ধারাবাহিকভাবে আয়োজনে প্রয়োজনীয় সবকিছুই করবেন তারা। এমিলি-জাহিদের চাওয়াও একই। দুজনই জানালেন,  এ ধরণের আসর আয়োজনের ধারাবাহিকতা থাকলে তারাও দলকে, দলের সমর্থকদের উৎসবের উপলক্ষ এনে দিতে পারবেন আগামীতেও।