জাহিদের প্রশংসায় টুর্নামেন্ট সেরা কিংসলে
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জয়ী চট্টগ্রাম আবাহনীর এলিটা কিংসলে জিতেছেন ব্যক্তিগত তিনটি পুরস্কার। এত প্রাপ্তির আনন্দের প্রতিক্রিয়া জানাতে এসে সতীর্থ জাহিদ হোসেনের প্রশংসাও করেছেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবারের ফাইনালে কলকাতার ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব কাপের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। দলের জয়ে দুই গোল করেন কিংসলে। অপর গোলটি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের।
অবশ্য সেমি-ফাইনাল পর্যন্ত সেরা গোলদাতার হওয়ার দৌড়ে কিংসলের চেয়ে এগিয়ে ছিলেন জাহিদ; চার গোল করা এই ফরোয়ার্ড শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালের নাগাল পাননি।
পাঁচ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়া কিংসলে ফাইনালের সেরা খেলোয়াড় ও আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। জাহিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
“জাহিদ অসাধারণ একজন খেলোয়াড়। কৌশলগতভাবে সে খুবই ভালো। আমি তাকে অনেক শ্রদ্ধা করি।”
চট্টগ্রাম আবাহনীর সেমি-ফাইনাল নিশ্চিত করা ম্যাচে করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে হ্যাটট্রিক করেন জাহিদ; ওই ম্যাচে কিংসলের করা গোলেও অবদান রাখেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। তার আগে ঢাকা আবাহনীকেও স্বাগতিকরা হারায় জাহিদের একমাত্র গোলে।
জাহিদ প্রতিপক্ষের জন্য কতটা বিপজ্জনক, তা বোঝাতে গিয়ে কিংসলে বলেন, “যখন সে মাঠে থিতু হয়ে যায়, সে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। আমি সবসময় চাই, প্রতিপক্ষরা যেন তাকে খেলার জন্য জায়গা করে দেয়। আজও তার সবগুলো পাস ছিল (প্রতিপক্ষের জন্য) বিপজ্জনক।”
তিনটি পুরস্কার জেতার কথা টুর্নামেন্টের আগে ভাবেননি বলেও জানান ২০১১ সাল থেকে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলা কিংসলে।
“এতটা প্রত্যাশা করিনি। তবে ব্যক্তিগত অর্জন নয়; দলের জন্যই খেলি। আমরা চেয়েছিলাম দল ও কোচের মান রাখতে। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
