২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট বেঙ্গল কোচের মুখে অন্য সুর

ফাইনালে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইস্ট বেঙ্গল কোচ দাবি করলেন, অপরিণত দল নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:33 AM

Updated : 22 Aug 2022, 01:43 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-১ গোলে হারে ইস্ট বেঙ্গল।

ভারতের আই লিগে খেলার কারণে দলের সেরা ১৪ ফুটবলারকে ছাড়াই খেলতে আসে ইস্ট বেঙ্গল। তবে টুর্নামেন্টে শুরুতে মূল দলের খেলোয়াড়দের সঙ্গে এই খেলোয়াড়দের ব্যবধান উনিশ-কুড়ি বলে জানিয়েছিলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। তখন কোনোভাবেই নিজের দলকে খর্বশক্তির মানতে রাজি হননি তিনি।

ফাইনালে হেরে যাওয়ার পর বিশ্বজিৎ বলেন, “অপরিণত খেলোয়াড় নিয়ে আমরা এই টুর্নামেন্টে এসেছিলাম। দেশের বাইরে এত দর্শকের সামনে, এই পরিবেশে খেলতে এই ছেলেরা অভ্যস্ত নয়। তবে ছেলেদের খেলায় আমি খুশি।”

“আজ আমাদের অনেকের খেলা ভালো হয়নি। যেমন, প্রহ্লাদ রায় টুর্নামেন্টজুড়ে ভালো খেলেছে কিন্তু আজ সে সেরাটা দিতে পারেনি”, যোগ করেন তিনি।

প্রথমার্ধে অভিনব বাগের গোলে এগিয়ে যায় ফাইনালের আগ পর্যন্ত একমাত্র অপরাজিত দল ইস্ট বেঙ্গল। কিন্তু এলিটা কিংসলে প্রথমার্ধেই চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরানোর পর থেকে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে কিংসলে ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোল চট্টগ্রাম আবাহনীর শিরোপা নিশ্চিত করে।

বিশ্বজিৎ প্রতিপক্ষ দলের প্রশংসা করতে ভোলেননি, “চট্টগ্রাম খুব ভালো করেছে। মানিককে এজন্য সাধুবাদ; দলটাকে সে ভালোভাবে গুছিয়েছে।”

আবাহনীর (চট্টগ্রাম) গোলগুলো ‍সুন্দর হয়েছে জানিয়ে ইস্ট বেঙ্গল কোচ নিজ দলের রক্ষণের সমালোচনাও করেন। তবে শিরোপার কাছাকাছি এসে হতাশ হওয়ার দায়টা ফরোয়ার্ডদের কাধেই দিচ্ছেন তিনি।

“দ্বিতীয়ার্ধেও আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছিলাম কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি। আগেও বলেছি, এই দলের অনেক খেলোয়াড়ই অপরিণত।”

ম্যাচের আগের বৃষ্টির কারণে মাঠ ভারী হয়ে উঠেছিল। ইস্ট বেঙ্গল কোচ অবশ্য হারের পেছনে মাঠকে দায়ী করেননি।

ক্লাব কাপের এই আসর আগামীতেও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। বিশ্বজিৎ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলে গেলেন, “এবার আমরা চূড়ায় উঠতে পারিনি। পরের বার চেষ্টা করব।”