বেনজেমা-রদ্রিগেসদের নিয়ে তাড়াহুড়ো নেই বেনিতেসের
চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফেরার প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছেন হামেস রদ্রিগেস, করিম বেনজেমা, সের্হিও রামোস। তারপরও তাদেরকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস।
লাস পালমাসের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জানান, কোনোরকম তাড়াহুড়ো করে খেলোয়াড়দের নতুন করে চোটে ফেলতে চান না তিনি।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে লা লিগার ম্যাচটি।
রদ্রিগেস, রামোস ও বেনজেমা ছাড়াও রিয়ালের নিয়মিত একাদশের আরও বেশ কজন খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে আছেন। আক্রমণভাগের আরেক তারকা গ্যারেথ বেলও একই কারণে দলে নেই। নতুন করে চোটে পড়েছেন গোলরক্ষক কেইলর নাভাস।
তাদের কাউকে নিয়েই কোনোরকম তাড়াহুড়ো করতে নারাজ বেনিতেস। সুস্থ খেলোয়াড়দের নিয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
“রিয়াল মাদ্রিদের জন্য সেরাটাই আমাদের মূল লক্ষ্য এবং সেটা দলে যেসব খেলোয়াড় আছে তাদের নিয়েই। আমাদের অনেক ম্যাচ বাকি আছে এবং আমাদের বিশ্বাস, পরবতী ম্যাচ জেতার মতো সম্পদ আমাদের দলে আছে।”
নয় রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
