২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে দর্শক খরা কাটল এমএ আজিজে

সন্ধ্যার আগে থেকেই দর্শকের ঢল নামে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। শক্তিশালী ইস্ট বেঙ্গলকে হারিয়ে নিজেদের দল চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হওয়ায় তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন তারা।

উত্তম সেন গুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:46 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

প্যাভিলিয়ন আর প্রতিটি গ্যালারি গেটে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে দায়িত্বরত কর্মীদের। ভিড় সামাল দিতে লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। প্রায় দেড় যুগ পর শুক্রবার এমন দর্শকের দেখা মিলল এমএ আজিজ স্টেডিয়ামে।

১৯৯৮ সালে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের খেলায় গ্যালারি ভর্তি দর্শক হয়েছিল। তারপরেই চট্টগ্রামের মাঠ ছেড়েছিল দর্শক। ঘরোয়া লিগ দর্শকদের ফেরাতে পারেনি। ২০১০ সালে এই মাঠে অনুষ্ঠিত হয় এসএ গেমস, তার আগে এএফসি কাপ; তবে মাঠে আসেনি দর্শক।

২০ অক্টোবর শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম দিকে দর্শক খরা থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ফুটবলপ্রেমী দর্শকের সংখ্যা বাড়তে থাকে।

শুক্রবার ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল দর্শকদের উম্মাদনা। কানায় কানায় পরিপূর্ণ ছিল প্রতিটি গ্যালারি।

ঘরের দলের প্রতিটি আক্রমণেই উল্লাস করেছে চট্টগ্রামের সমর্থকরা। ‘আবাহনী, আবাহনী’ স্লোগানে পুরো মাঠ ছিল মুখর।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক চৌধূরী জানান, ফাইনালে গ্যালারির মোট টিকেট বিক্রি হয়েছে ৩২ হাজার ৮০০ আর প্যাভিলিয়নে তিন হাজার।

এদিকে টিকেট কিনেও অনেকে স্টেডিয়ামে ঢুকতে পারেনি। আবার অনেকে প্যাভিলিয়নের টিকেট কিনে ঢুকেছে সাধারণ গ্যালারিতে।

বহদ্দারহাট এলাকা থেকে আসা সুমন দাশ নামে এক দর্শক জানালেন, তারা পাঁচজন মিলে টিকেট কিনে খেলা দেখতে এসেছিলেন। তিনজন ঢুকতে পারলেও দুইজন পারেননি।

রাতে খেলার শেষ বাঁশি বাজার পর দর্শকদের উম্মাদনা আরও বেড়ে যায়। দীর্ঘ পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত থেকে যান বেশিরভাগ দর্শক। স্টেডিয়ামের আকাশ আলোকিত করা আতশবাজি উপভোগ করতে করতে চিরদিন মনে রাখার মতো স্মৃতি নিয়ে বাড়ি ফেরেন চট্টগ্রামের দর্শকরা।