শেষ চারে মুগুরুসার সঙ্গী কেভিতোভা
ডব্লিউটিএ ফাইনালসে প্রথমবারের মতো খেলতে আসা গারবিনে মুগুরুসা টানা তৃতীয় জয় পেয়েছেন। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পেত্রা কেভিতোভাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন ভেনেজুয়েলায় জন্ম নেওয়া স্পেনের এই খেলোয়াড়।
সিঙ্গাপুরে এই প্রতিযোগিতায় শুক্রবার ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে জেতেন মুগুরুসা।
গ্রুপের তিন ম্যাচের সবকটিতে জিতে সাদা গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া মুগুরুসা শেষ চারে খেলবেন লাল গ্রুপের রানার্সআপ আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে।
দিনের অন্য ম্যাচে লুসি সাফারোভার বিপক্ষে একটি সেট জিতলেই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হতো আঞ্জেলিক কেরবারের। কিন্তু জার্মানির এই খেলোয়াড় দাঁড়াতেই পারলেন না চেক প্রজাতন্তের সাফারোভার সামনে। হেরে যান ৬-৪, ৬-৩ গেমে।
ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ লাল গ্রুপের চ্যাম্পিয়ন রুশ তারকা মারিয়া শারাপোভা।
মেয়েদের টেনিসের মৌসুম শেষের এই টুর্নামেন্ট প্রতি বছর র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে হয়। আট জন খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুজন ওঠেন সেমি-ফাইনালে।
