২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়ে তাড়াহুড়ো নেই বার্সায়

লিওনেল মেসিকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য দলের সেরা খেলোয়াড়কে মাঠে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 07:33 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

বার্সেলোনার হয়ে স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে গত ২৬ সেপ্টেম্বরের ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। তার পর থেকেই মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার অধিনায়ক।  
 
সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মেসি। অগ্রগতিও বেশ ভালো তার। তবে তাকে মাঠে ফেরানো নিয়ে এনরিকের ভাবনাটা একটু অন্যরকমই। 
 
“মেসির সেরে ওঠার কোনো দিন ঠিক করা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তার আবার শতভাগ ফিট হয়ে ওঠা।”
 

স্পেনের লা লিগায় গেতাফের মাঠে আগামী শনিবারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির সেরে ওঠা নিয়ে কথা বলেন এনরিকে।  “সে কখন ফেরে, এটা বিষয় নয়। মৌসুমটা এখনও অনেক লম্বা। আমরা এখনও ক্লাসিকো নিয়ে ভাবিনি। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ জয়।” “ক্লাসিকো শিরোপা দৌড়ের নিষ্পত্তি করে দেবে না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, বেশি গোল করা আর কম গোল খাওয়া এবং ম্যাচ জেতা। এটাই বাস্তবসম্মত লক্ষ্য”, যোগ করেন বার্সেলোনা কোচ। লা লিগার ৯ রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাম্প নউয়ের দলটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।    সান্তিয়াগো বের্নাবেউতে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি আগামী ২১ নভেম্বর।