অজেয় রিয়ালের সামনে ‘দুর্বল’ পালমাস
ড্র দিয়ে লা লিগা শুরু করলেও এখন পর্যন্ত অপরাজিত আছে রিয়াল মাদ্রিদ। তবে হোঁচট খেলেই হারাতে হতে পারে শীর্ষস্থান। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তাই পরের ম্যাচে দুর্বল প্রতিপক্ষ লাস পালমাসকে হারাতেই হবে রাফায়েল বেনিতেসের দলকে।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
ইতিহাস-ঐতিহ্য আর শক্তির বিচারে রিয়ালের চেয়ে যোজন যোজন পিছিয়ে পালমাস। সাম্প্রতিক পারফরম্যান্সেও নাজুক অবস্থা এবারের আসরের নবাগত দলটির। এরই মধ্যে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে নেমে গেছে তারা, ৯ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৬।
এবারের লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিতেছে পালমাস, গত মাসের শেষ সপ্তাহে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল তারা।
এমন একটি দলের বিপক্ষে তাই সহজ জয়ের আশা করতেই পারে মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান ২১ পয়েন্ট তাদের।
অসাধারণ আক্রমণভাগ আর জমাট রক্ষণে ভর করেই অজেয় হয়ে উঠেছে মাদ্রিদের দলটি। সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে মোট ২৭ বার প্রতিপক্ষের জালে পাঠিয়েছে তারা, বিপরীতে মাত্র তিনটি গোল খেয়েছে। পালমাস দলে ঠিক তার উল্টো চিত্র, ৯ ম্যাচে ৬ গোল করার বিপরীতে খেয়েছে ১৩টি।
১৩ মৌসুম পর স্প্যানিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ফেরা পালমাসের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে রিয়াল। ৬২ বারের দেখায় ৪২ বারই জিতেছে তারা। ঘরের মাঠে তো তারা আরও অপ্রতিরোধ্য; ৩১ ম্যাচে কখনই হারেনি, ২৭টি জয় আর চারটি ড্র।
অতীত পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্স; সব দিক দিয়েই জয়ের পাল্লা রিয়ালের দিকে হেলে। তারপরও সতর্ক না থাকলে পস্তাতে হতে পারে ইউরোপের সফলতম দলটিকে।
২০০১-০২ মৌসুমে তারকাবহুল দল নিয়ে পালমাসে খেলতে গিয়ে ৪-২ গোলে হেরে এসেছিল রিয়াল। এবারও তেমন কোনো অঘটন এড়াতে চাইলে বাড়তি সতর্ক থাকতেই হবে তাদের।
