মেসি-রোনালদোর পাশে বসতে চান আউবামেয়াং
মৌসুমের শুরু থেকেই একের পর এক গোল করে যাওয়া পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবার লক্ষ্যটা আরও বড় করলেন। মৌসুম শেষে মোট গোলের হিসেবে সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসতে চান বরুসিয়া ডর্টমুন্ডের এই স্ট্রাইকার।
জার্মানির ক্লাব ডর্টমুন্ডের হয়ে দারুণ ছন্দে আছেন আউবামেয়াং। সব প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ১৭ ম্যাচে ২০ গোল করেছেন গ্যাবনের এই খেলোয়াড়।
এখন ধারাবাহিকতা ধরে রেখে মৌসুমের সেরা গোলদাতা হতে চান ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। ছুঁতে চান রিয়াল মাদ্রিদের রোনালদো ও বার্সেলোনার মেসিকে। গত কয়েক বছর ধরে ইউরোপের লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা হয়ে আসছেন তারাই।
সেরা হওয়ার লক্ষ্যে আত্মবিশ্বাসী আউবামেয়াং বলেন, “যদি ক্রিস্তিয়ানো রোনালদো এক মৌসুমে ৫০ গোল করতে পারে, তাহলে আমি কেন করতে পারব না? আমি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হতে চাই।”
ফরাসি একটি দৈনিক পত্রিকাকে আউবামেয়াং আরও বলেন, “আমার এখন ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং এইভাবেই খেলে যেতে হবে।”
