তবুও সন্তুষ্ট বার্সা কোচ
তৃতীয় সারির দল ভিয়ানোভেন্সের সঙ্গে ড্র করার পরও শিষ্যদের পাশেই আছেন লুইস এনরিকে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জানিয়েছেন, দলের খেলায় তিনি সন্তুষ্ট।
কোপা দেল রের শেষ বত্রিশের প্রথম পর্বের ম্যাচে ভিয়ানোভেন্সের মাঠ থেকে গত বুধবার গোলশূন্য ড্র নিয়ে ফেরে বার্সেলোনা।
প্রতিপক্ষ শক্তি আর সামর্থ্যে অনেক পিছিয়ে বলে লুইস সুয়ারেস ও নেইমারসহ এই ম্যাচে মূল দলের অনেক তারকা খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। তাদের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া খেলোয়াড়রা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।
এনরিকে অবশ্য দলের খেলায় অখুশি নন।
“দলের পারফরম্যান্সে আমি খুশি। সাধারণত মাঠে কম সময় কাটানো একজন খেলোয়াড়ের জন্য ম্যাচ খেলাটা সহজ নয়। আপনার ছন্দ কম থাকবে।”
বিশেষ করে বার্সেলোনার ‘বি’ দলের যে খেলোয়াড়রা এই ম্যাচে খেলেছেন, তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট এনরিকে।
ম্যাচটি বার্সেলোনাই নিয়ন্ত্রণ করেছে বলে উল্লেখ করেন এনরিকে। তবে সেট পিসে ভালো করতে না পারা আর পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে না পারায় তার দল ম্যাচটি জিততে পারেনি বলে মনে করেন তিনি।
