২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের ট্রায়ালে সুইডিশ ফুটবলার

জাতীয় দলে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার জোসেপ নুর হোসেন। ট্রায়াল দিতে আসার আগে বাংলাদেশের ফুটবল নিয়ে বেশ খোঁজখবর নেওয়ার কথাও জানান ২৮ বছর বয়সী এই ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 01:46 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি গত বুধবার থেকে শুরু করেছে বাংলাদেশ দল। জাতীয় দলের কোচ ফাবিও লোপেজের অধীনে অনুশীলনও করেন নুর হোসেন। তবে সময় নিয়ে সুইডিশ এই ফুটবলারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বাফুফে।

নুরের জন্ম, বেড়ে ওঠা সবই সুইডেনে। তবে বাবা-মা বাংলাদেশি; কুমিল্লা জেলার। নুর জানান, আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতেই বেশি সাচ্ছ্বন্দ্যবোধ করেন তিনি। সুইডেনের দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলার অভিজ্ঞতা আছে বলেও জানান।

সুইডেনের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ না পেলেও নুরের বিশ্বাস, বাংলাদেশের হয়ে ভালো করার সামর্থ্য আছে তার।

“অনেক দুর থেকে আমি এখানে এসেছি। যদি জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো আত্মবিশ্বাস না থাকত, তাহলে আমি এতদূর আসতাম না।”

অবশ্য জাতীয় দলে খেলার জন্য এর আগেও অনেক প্রবাসী ফুটবলার এসেছেন। কিন্তু জামাল ভূইয়া ছাড়া কেউই টিকতে পারেননি। যুক্তরাষ্ট্রের ফারহান, জার্মানির রিয়াসাত, অস্ট্রেলিয়ার আনন্দ রহমানরা ট্রায়াল দিতে এসে কিছুদিন থাকলেও শেষ পর্যন্ত মানিয়ে নিতে পারেননি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টার্ফে অনুশীলনের ফাঁকে নুর অবশ্য জানালেন, মামুনুলদের সতীর্থ হতেই এসেছেন তিনি।

“এখানে আসার আগে আমি বাংলাদেশ দল কিভাবে খেলে, তা নিয়ে একটু পড়াশোনা করেছি। যেটা আমি দেখেছি তা হলো, তারা (বাংলাদেশ) ৪-৪-২ ফরমেশনে খেলে এবং জামাল ভূইয়া ও মামুনুল ইসলাম খুব ভালো খেলোয়াড়।”

সুযোগ পেলে কিছু অবদান রাখার প্রতিশ্রুতি দিয়ে সুইডিশ এই খেলোয়াড় বলেন, “সম্ভবত আমি এখানে খেলা চালিয়ে যেতে পারি। অবশ্য আমি নিশ্চিত নই; কেননা এটা নির্ভর করছে কোচের ওপর।তবে জাতীয় দলকে কিছু দেওয়ার মতো সামর্থ্য যে আমার আছে, সেটা কোচকে করে দেখাতে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি আশাবাদী।”