আফগানদের জন্য ‘কঠিন রাত’
দেশে ঘটে যাওয়া ভূমিকম্প, এরপর সেমি-ফাইনালে হার-সব মিলিয়ে গত রাতটি স্পিন ঘর বাজানের ফুটবলার-কর্মকর্তাদের জন্য ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকে বিদায় নেওয়ার পর এখন তারা অপেক্ষায় আছেন দেশে ফেরার।
গত সোমবার পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্টারনেটে ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িঘর আর প্রাণহীন পড়ে থাকা নিথর দেহের ছবি দেখে ভারাক্রান্ত মনে গত মঙ্গলবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ক্লাব কাপের সেমি-ফাইনালে খেলতে নামে বাজান। একপেশে ম্যাচে ৩-১ গোলের হার দিয়ে আসর শেষ করেছে দলটি। তবে টুর্নামেন্টে পাওয়ার, না পাওয়ার হিসেবে বসার সময় নেই হাশেমীদের; দেশে ফিরতে মন ছটফট করছে তাদের।
বুধবার টিম হোটেলে আফগান দলের দুই লিয়াঁজো অফিসার মোহাম্মদ পারভেজ ও সাদ্দাম হোসেন জানালেন, ভূমিকম্পের খবর পাওয়ার পর থেকেই কেমন যেন চুপ হয়ে গেছে দলটির খেলোয়াড়ররা। টিভি, মোবাইল নিয়ে সারাক্ষণই পড়ে আছে তারা দেশের সর্বশেষ খবর জানার আশায়।
টিম ডাক্তার বেহরাম সিদ্দিকি জানালেন দলের সবার মানসিক অবস্থা ভালো নয়।
“ইন্টারনেটের মাধ্যমে খবর পেয়েছি আমরা। ভূমিকম্পের পর দুই ঘণ্টা কোনো সিগন্যাল (দেশে ইন্টারনেট সংযোগ)ছিল না। দলের সবাই উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়েছিল। পরে সিগন্যাল আসায় সবার খোঁজ খবর নিতে পেরেছি।”
“দেয়াল ধসে আমাদের টিম ম্যানেজারে স্ত্রী আহত হয়েছেন। সব কিছু ধসে গেছে; আমার স্ত্রীও চোট পেয়েছে। আমাদের ডিফেন্ডার জাকারিয়া আজিজের বোন আহত হয়েছে। আনোয়ারের ভগ্নিপতি মারা গেছেন।”
খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে সিদ্দিকি বললেন, “দেখুন, এভাবে পাঁচ তারকা হোটেলে থাকা, খাওয়া-এসব সুবিধাও এই ছেলেরা কখনওই পাইনি। কিন্তু এখন এটাও তাদের ভালো লাগছে না। এখনই তারা দেশে ফিরতে চায়; স্বজনদের পাশে দাঁড়াতে চায়।”
বাড়ি ফেলে আসা ছোট্ট মেয়েটির কথা ভেবে বাবা সিদ্দিকির মনটা আরও ভারী হয়ে ওঠে, “আমারও স্ত্রী আছে, ছোট একটা মেয়ে আছে। তারা অবশ্য ভালো আছে। কিন্তু এ সময় তাদের পাশে থাকার ভীষণ দরকার ছিল।”
বোনের পাশে দাঁড়ানোর জন্য ছটফট করছে দলটির মিডফিল্ডার আনোয়ারের মনটাও, “ভূমিকম্প, সেমি-ফাইনালে দলের হার-আমাদের জন্য গত রাতটা ছিল ভীষণ কঠিন। ভূমিকম্পের খবর পেয়ে আমি ম্যাচে পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। বাড়ি যেতে চাই; বোনের পাশে দাঁড়াতে চাই।”
বাজান দলের টিম ডাক্তার একটা ভালো খবরও দিলেন, “নানগারহারে ভূমিকম্প আঘাত হানলেও আমাদের ক্লাবের কোনো ক্ষতি হয়নি।”
শেখ কামাল ক্লাব কাপের সেমি-ফাইনালের ‘ক্ষতির’ কারণ হিসেবে ম্যাচ শেষে কোচ ওয়াহেদুল্লাহি ভূমিকম্পের কথা সবার আগে টেনেছিলেন। বলেছিলেন, এত দুঃসংবাদ নিয়ে চট্টগ্রামে আবাহনীর বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি তার শিষ্যরা। সিদ্দিকিও কোচের সুরে সুর মেলালেন। তবে স্বাগতিকদের খেলার প্রশংসা করতে ভোলেননি বাড়ি ফিরতে উন্মুখ হয়ে যাওয়া এই টিম ডাক্তার।
বুধবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দেবে বাজান; বৃহস্পতিবার রাতে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাদের। দুবাই হয়ে ঘরে ফিরবে তারা। ক্লাব কাপের ট্রফি নিয়ে ফিরতে পারলে তা দুঃসময়ের মধ্যে থাকা আফগানদের জন্য আনন্দের একটা উপলক্ষ হতে পারত বলে মানছেন সিদ্দিকি। সেটা হলো না বলে খুব বেশি হতাশও নন তিনি।
“সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা তো আর কিছু করতে পারি না। তবে সাফল্য পেলে অবশ্যই তা দেশের জন্য ভালো খবর হত।”
