চোট সমস্যাকেই দুষছেন মোহামেডান কোচ
ইস্ট বেঙ্গলের কাছে সেমি-ফাইনালে হেরে যাওয়ার কারণ হিসেবে চোটের কারণে দলের সেরা খেলোয়াড়দের না পাওয়ার কথা বলেছেন জসিমউদ্দিন জোসি। নিজ দলের বিদেশি খেলোয়াড়দের মান নিয়েও ফের প্রশ্ন তুলেছেন ঢাকা মোহামেডানের এই কোচ।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার ইস্ট বেঙ্গলের কাছে ৩-০ গোলের হেরে ঢাকা মোহামেডানের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে যায়।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জোসি বলেন, “ছেলেরা আসলে শারীরিকভাবে ক্লান্ত। জীবন (নাবীব নেওয়াজ) আমাশয়ের ওষুধ খেয়ে খেলেছে। ফয়সালও অসুস্থ। তারপরও ছেলেরা যেভাবে কলকাতা মোহামেডানে, সলিড এসসিকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে, তাতে আমি তাদের ধন্যবাদ জানাই।”
“টুর্নামেন্টের শুরু থেকে জুয়েল রানাকে না পাওয়াটাও ছিল বড় ক্ষতির। ইস্ট বেঙ্গল ম্যাচেও আমরা ইব্রাহিমকে পাইনি। আসলে দলের পাঁচ-ছয়জন খেলোয়াড়কে না পেলে সবকিছুই কঠিন হয়ে যায়”, যোগ করেন তিনি।
জন্ডিসের কারণে জুয়েল খেলতে পারেননি কোনো ম্যাচ। টানা খেলার ক্লান্তি আর অসুস্থতা ছিটকে দেয় নির্ভরযোগ্য মিডফিল্ডার ইব্রাহিমকেও।
প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলকে প্রশংসা করতে গিয়ে জোসি নিজ দলের বিদেশি খেলোয়াড়দের মান নিয়েও প্রশ্ন তোলেন।
“তারা সবদিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। তাদের আর আমাদের বিদেশী খেলোয়াড়দের মধ্যেই আকাশ-পাতাল তফাৎ।”
তবে ৩-০ গোলে হেরে যাওয়ায় বেশ হতাশ জোসি, “হারব-এমনটা ধরে নেইনি। হতাশও না। কিন্তু এত ব্যবধানের হারব আশা করিনি।”
অন্যদিকে সবকিছু প্রত্যাশামতো হওয়ায় দারুণ খুশি ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। তবে প্রথমার্ধের ঢাকা মোহামেডানের খেলার প্রশংসা করতে ভোলেননি তিনি।
“প্রথমার্ধে মোহামেডান ভালো খেলেছে। যতক্ষণ না প্রথম গোলটি হয়েছে, ততক্ষণ তারা ভালো খেলে।”
ইন্ডিয়ান সুপার লিগে খেলা ১৪ ফুটবলারকে ছাড়াই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ফাইনালে ওঠায় শিষ্যদের ওপর আস্থা আরও বেড়েছে বিশ্বজিতের।
“যখন আমরা এই দলটা নিয়ে এখানে (বাংলাদেশে) আসি, তখন আমাদের দেশের গণমাধ্যমও আমাদের নিয়ে আশাবাদী ছিল না। কিন্তু ছেলেরা প্রমাণ করেছে, তারা ভালো খেলতে পারে।”
