২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে ফাইনালে ইস্ট বেঙ্গল

ইস্ট বেঙ্গল বাধা পেরুতে পারেনি ঢাকা মোহামেডান। তাই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে খেলার স্বপ্নও পূরণ হলো না ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটির।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 09:48 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ঢাকা মোহামেডানের হারটি ৩-০ ব্যবধানের। অতিথি দলের রন্টি মর্টিন্স দুটি ও মোহাম্মদ রফিক একটি গোল করেন।

আগামী শুক্রবার একই মাঠে শিরোপা লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে কলকাতার দলটি।

ম্যাচের আগে ‘বাংলাদেশ বনাম ভারত’ দ্বৈরথের আবহ তৈরি হলেও খেলা শুরুর পর চোট জর্জর ঢাকা মোহামেডানের দুর্বলতা প্রকাশ পেতে থাকে। মাঝ মাঠের নিয়ন্ত্রণ না থাকায় আর ফরোয়ার্ডদের ব্যর্থতায় ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে গ্রুপের রানার্সআপ হওয়া দলটি।

তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি হারায় ঢাকা মোহামেডান। অধিনায়ক অরূপ কুমার বৈদ্যের ডিফেন্সচেরা পাস মোবারক কাট ব্যাক করলেও শেষ টোকাটা দিতে পারেননি গোলমুখে থাকা ফরোয়ার্ড জীবন।

শুরু থেকে গোছালো ফুটবল খেলা ইস্ট বেঙ্গল দশম মিনিটে প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায়। অবিনাশ রুইদাসের ক্রস আশরাফুল ইসলাম রানা গ্লাভসে নেওয়ার আগ মুহূর্তে মিন্টু শেখ পা বাড়ালে বল পেয়ে যান রন্টি মার্টিন্স; ইস্ট বেঙ্গলকে এগিয়ে নিতে ভুল করেননি এই ফরোয়ার্ড।

সর্বশেষ চোটের মিছিলে মোহাম্মদ ইব্রাহিম যোগ দেওয়ায় ঢাকা মোহামেডানের জন্য মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়া আরও কঠিন হয়ে

চতুর্দশ মিনিটে অরূপের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিলেও বক্সের বাইরে মেরে আরেকটি সুযোগ নষ্ট করেন ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড জীবন। প্রথমার্ধের বাকিটা সময়েও দলটির ফরোয়ার্ডদের দৈন্যতা কাটেনি।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠে আসা ইস্ট বেঙ্গলের খেলায় গতি না থাকলেও বলের নিয়ন্ত্রণ ভালোভাবে ধরে দলটির খেলোয়াড়রা। তবে উনবিংশ মিনিটে রফিকের ক্রসে রন্টির দেওয়া হেড রানা ফেরালে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি অতিথি দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ইস্ট বেঙ্গল; ৪৮তম মিনিটে রফিকের প্রথম প্রচেষ্টা ফেরালেও ফিরতি শট রুখতে ব্যর্থ হন ঢাকা মোহামেডান গোলরক্ষক।

৬০তম মিনিটে ঢাকা মোহামেডানের ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষই করে দেন রন্টি। প্রহ্লাদ রায়ের বাড়ানো বল থেকে রানাকে পরাস্ত করেন ইস্ট বেঙ্গলের এই ফরোয়ার্ড।

দুই দলই টানা খেলার মধ্যে থাকলেও ক্লান্তি ঢাকা মোহামেডানের ওপরই বেশি ভর করে। মাঠে যা একটু দৌড়াদৌড়ি, তা অধিনায়ক অরূপই করেছেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে আরমান আজিজ, হাবিবুর রহমান ও তৌহিদুর রহমান সজীব নামলেও দলটির খেলায় গতি ফেরেনি। ফলে জয়ে স্বপ্ন নিয়ে নেমে বিধ্বস্তই হতে হয় জসিমউদ্দিন জোসির দলকে।