২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা সভাপতি পদে নির্বাচনে ৭ প্রার্থী চূড়ান্ত

ফিফা সভাপতি পদের নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 05:00 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফার বিশেষ এক সভায় নির্বাচনটি অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা হলেন, জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন, লাইবেরিয়া ফুটবল সংস্থার সভাপতি মুসা বিলিতি, আন্তর্জাতিক ফুটবলের পরামর্শক ফরাসি নাগরিক জেরোমে শঁপ্যানিয়ে, উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো, উয়েফা সভাপতি ও ফিফার সহ-সভাপতি মিশেল প্লাতিনি, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি ও ফিফা সহ-সভাপতি শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা এবং ফিফার সাবেক কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল।

এই নির্বাচনে ১৯৯৮ সাল থেকে সভাপতির দায়িত্বে থাকা জেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচিত হবে।

গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার।

এ মাসের শুরুতে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র জমা দেন প্লাতিনি। তার কদিন পরেই ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি।

এই কমিটিই পরে ওই দুই কর্মকর্তাকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। 

ফলে প্লাতিনি নির্বাচন করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা জাগে। তবে ফিফার নির্বাচন কমিটি জানিয়েছে, নির্বাচনের তারিখের আগে নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্লাতিনি।

ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে ব্লাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।