এমএ আজিজের গ্যালারিতে ফিরেছে দর্শকের ঢেউ
এমএ আজিজ স্টেডিয়ামে মাঠ ভর্তি দর্শক শেষ কবে হয়েছিল, তা টুর্নামেন্ট শুরুর আগে ভালো করে স্মরণও করতে পারেনি চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। কিন্তু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ বদলে দিয়েছে অনেক কিছু। এই আসরে চট্টগ্রাম আবাহনীর সাফল্য এমএ আজিজের গ্যালারিতে ফিরিয়ে এনেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা।
গ্রুপ পর্ব পেরিয়ে চট্টগ্রাম আবাহনী সেমি-ফাইনালে ওঠার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করে। আয়োজকরাও উচ্চাশা নিয়ে জানিয়েছিলেন, দর্শক মাঠে ফিরবে। সাড়াও মিলেছে; নিজ শহরের দলকে উৎসাহ যোগাতে মাঠে ফিরেছে চট্টগ্রামের ফুটবলপ্রেমী দর্শকরা।
ঘরের মাঠের দর্শকদেরও বিমুখ করেনি চট্টগ্রাম আবাহনী। মঙ্গলবারের প্রথম সেমি-ফাইনালে আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন স্পিন ঘর বাজানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালে উঠেছে এমিলি-জাহিদরা। দলের এমন সাফল্যে মুগ্ধ সমর্থকেরা এখন শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে শুরু করে। সাতটা ৪০ মিনিটে খেলা শুরুর আগেই ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারির অধিকাংশই আসনই ভরে ওঠে দর্শকে। স্পিন ঘর বাজানের গোলমুখে আবাহনীর আক্রমণের সঙ্গে সঙ্গে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে গ্যালারির চারপাশ।
ঘরের দলের প্রতিটি আক্রমণেই উল্লাস করেছে চট্টগ্রামের সমর্থকরা। দর্শকদের কাছ থেকে উৎসাহ আর সাহস পেয়ে যেন আর বিক্রমে আক্রমণ শানিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
প্রিয় দলের জয়ে খুশি দর্শক সাইফুল ইসলাম জানান, অনেক আশা নিয়ে খেলা দেখতে আসা সার্থক হয়েছে তার।
“চট্টগ্রামের মাঠে এত বড় একটা টুর্নামেন্ট। চট্টগ্রামের কোনো দল ফাইনালে না খেললে ফাঁকা ফাঁকা লাগত। এই রাত চট্টগ্রামবাসীর জন্য স্বপ্নের রাত।”
ফাইনালের স্বপ্ন পূরণ হওয়ায় এক ধাপ এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখছে কেউ কেউ। ভাস্কর দাশ পার্থ নামের এক ফুটবলপ্রেমী যেমন বললেন, “আজকে যেমন খেলল, তেমন খেললে ফাইনালে প্রতিপক্ষ যেই হোক চ্যাম্পিয়ন হবে চট্টগ্রাম আবাহনী।”
আবাহনীর দাপুটে জয়ের ম্যাচে আলো ছড়িয়ে দর্শকদের মন কেড়েছেন বিশ্বকাপ বাছাইয়ের জন্য দেওয়া জাতীয় দল থেকে বাদ পড়া ফরোয়ার্ড জাহিদ হোসেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যাট্রিক করা জাহিদ সেমিফাইনালেও ছিলেন সবচেয়ে উজ্জ্বল। গ্যালারিও মুখরিত ছিল ‘জাহিদ-জাহিদ’ স্লোগানে।
চট্টগ্রাম আবাহনীর সমর্থক ইউসুফ সোহেল জাহিদের খেলায় খুশিতে পঞ্চমুখ, “জাহিদের খেলা দেখে আমরা খুব খুশি। বাজানের সাথে সে আজ যেভাবে খেলেছে, তাতে হয়ত জাতীয় দলে অচিরেই ফিরবে সে।”
খেলা শেষে সংবাদ সম্মেলনে আবহনীর কোচ শফিকুল ইসলাম মানিকও ভুলে যাননি দর্শকদের ধন্যবাদ জানাতে।
“দর্শকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছে। তাদের উৎসাহ আর ভালোবাসা আমাদেরও ভালো খেলতে প্রেরণা জুগিয়েছে।”
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ফুটবল লীগের শীর্ষ দল করাচি ইলেকট্রিককে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে চট্টগ্রাম আবাহনী সেমি-ফাইনালে ওঠে। এর পর থেকেই দল ফাইনালে খেলবে এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন চট্টগ্রাম আবাহনীর সমর্থক ও সংগঠকরা।
স্বপ্ন পূরণ হওয়ায় চট্টগ্রাম আবাহনী মহাসচিব শামসুল হক চৌধুরী এমিলি-জাহিদদের পাঁচ লাখ টাকা পুরস্কার দিয়েছেন এরই মধ্যে। ৩০ অক্টোবরের ফাইনালে শিরোপা জিতলে পুরস্কারের অঙ্কটাও যে বাড়বে, দিয়েছেন সে ইঙ্গিতও।
