নভেম্বরেই আসছে অস্ট্রেলিয়া
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ) মঙ্গলবার বাফুফেকে পাঠানো একই ই-মেইলে জানায়, ১৪ নভেম্বর বাংলাদেশে আসছে তারা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এফএফএর ই-মেইল সম্পর্কে বলেন, “আমরা তাদের আসা, থাকা সম্পর্কে জানতে চেয়েছিলাম। অস্ট্রেলিয়া দলের ম্যানেজার জোয়েল ফ্রিমি ফিরতি মেইল পাঠিয়েছেন। তারা জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি এবং বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে আসছে।”
বাংলাদেশে দুই বিদেশি নিহত হওয়ার পর গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। পরে ঢাকায় ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা দেখা দেয়। সে সময় বাংলাদেশের নিরাপত্তার প্রসঙ্গটি নিয়ে ফিফা ও এএফসির কাছেও তোলে এফএফএ।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জর্ডান। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। বাছাইপর্বে এ পর্যন্ত খেলা ৫ ম্যাচে চারটিতে হারে মামুনুলরা। তাজিকিস্তানের সঙ্গে ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাঁচ দলের মধ্যে পঞ্চম।
