‘ভূমিকম্প’ নিয়ে উদ্বিগ্ন ছিল আফগান দল
স্পিন ঘর বাজানের বিপক্ষে বলতে গেলে একপেশে খেলেই প্রথম সেমি-ফাইনাল জিতেছে চট্টগ্রাম আবাহনী। স্বাগতিকদের কাছে হেরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকে বিদায় নেওয়ার পর বাজান কোচ জানালেন, দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারেননি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-১ গোলে হারে আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিতে এসে বাজান কোচ ওয়াহেদুল্লাহ গত সোমবার আফগানিস্তানের হয়ে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গই টানলেন সবার আগে।
“আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। ভূমিকম্পে আমাদের খেলোয়াড়দের অনেকের আত্মীয়-স্বজন আহত হয়েছে, মারাও গেছে, এসব নিয়ে ছেলেরা খুব উদ্বিগ্ন ছিল। মানসিকভাবে ছেলেরা ম্যাচের জন্য অপ্রস্তুত ছিল। তারা আগে দেশে ফিরতে চেয়েছিল।”
ভূমিকম্পে ফরোয়ার্ড আনোয়ার আকবারির ভাইয়ের মৃত্যুর কথা জানান বাজান দলের টিম ডাক্তার বেহরাম সিদ্দিকি। এছাড়া অনেক খেলোয়াড়ের আত্মীয়-স্বজনরা আহত হয়েছেন বলেও জানান তিনি।
প্রথমার্ধে ইকো স্টিভের গোলে পিছিয়ে পড়ে বাজান। দ্বিতীয়ার্ধে এলিটা কিংসলে ব্যবধান বাড়ানোর পর আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরান মোহাম্মদ হাশেমী। কিন্তু কিংসলের দ্বিতীয় গোলে বাজানের ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।
দাপটের সঙ্গে সেমি-ফাইনালে উঠে আসা বাজানের এ ম্যাচে মলিন খেলার আর কোনো কারণ নেই বলেও জানান দলটির কোচ, “ছেলেরা আসলেই পরিবার-পরিজনদের নিয়ে উদ্বিগ্ন ছিল। এ কারণেই তারা সেরাটা দিতে পারেনি।”
এমএ আজিজের গ্যালারিতে প্রায় কুড়ি হাজার দর্শকের উপস্থিতি ছিল বলে দাবি করেন চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী। বাজান কোচও জানান, দর্শক সমর্থন স্বাগতিকদের পক্ষে থাকায় ম্যাচটা তাদের জন্য আরও কঠিন হয়ে যায়।
