ক্লাব ছাপিয়ে দেশের লড়াইয়ে মোহামেডান-ইস্ট বেঙ্গল
ইস্ট বেঙ্গল ও ঢাকা মোহামেডানের সেমি-ফাইনাল শুধু ক্লাবের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না; রূপ নিচ্ছে ভারত বনাম বাংলাদেশ লড়াইয়ে! চোট জর্জর দল নিয়ে ঢাকা মোহামেডান অধিনায়ক জানালেন, অদম্য মনোবল দিয়ে এ লড়াইয়ে জিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠতে চান তারা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী বুধবার রাত ৭টা ৪০ মিনিটে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ পর্বে স্পিন ঘর বাজানের কাছে হেরে টুর্নামেন্ট শুরুর পর সলিড এসসিকে ৬-১ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। কলকাতা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হলেও ওই ম্যাচে ঢাকা মোহামেডানের আগ্রাসী রূপটা দেখা যায়নি। ইস্ট বেঙ্গলের বিপক্ষে দলটির অধিনায়ক অরূপ বৈদ্য প্রতিশ্রুতি দিলেন সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলার।
“আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চোটের কারণে আমাদের শক্তি কিছুটা কমেছে। কিন্তু মনোবল দিয়ে সেটা উৎরে যেতে চাই।”
“এটা এখন শুধু ঢাকা মোহামেডান-ইস্ট বেঙ্গল ম্যাচ নয়; বাংলাদেশ বনাম ভারত ম্যাচ হয়ে গেছে। আমরা দেশের জন্য খেলব”, যোগ করেন এই ডিফেন্ডার।
সেরাদের নিয়ে শুরুর একাদশ দাঁড় করানোই কোচ জসিমউদ্দিন জোসির জন্য মহাকঠিন কাজ। তবে এতসব প্রতিকূলতা জয়ের লক্ষ্য সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন তিনি, “খেলোয়াড়রা মানুষ; মেশিন নয়। তবে মরার আগে আমরা মরে যেতে চাই না। জেতার জন্যই খেলব।”
রক্ষণের দুর্বলতা আর ফরোয়ার্ডদের ব্যর্থতাও ভাবাচ্ছে ঢাকা মোহামেডানকে। স্পিন ঘর বাজানের কাছে হেরে যাওয়া ম্যাচে নাবীব নেওয়াজ জীবন গোলের একাধিক সুযোগ নষ্ট করেন। ওই ম্যাচে ডিফেন্ডার ইওন্টা মিচেলের হাস্যকর ভুলেই হেরে যাওয়া গোলটি হজম করে তারা। কলকাতা মোহামেডানের বিপক্ষে জিতলেও ফয়সাল-জনিদের তৈরি করে দেওয়া সুযোগে সদ্ব্যবহার ফরোয়ার্ডরা করতে পারেন কিঞ্চিৎ।
ঢাকা মোহামেডান অধিনায়ক অরূপ অবশ্য সলিডের বিপক্ষের ম্যাচ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। ওই ম্যাচের উদাহরণ টেনে বললেন, “নির্দিষ্ট কারও (ফরোয়ার্ড) ওপর আমাদের চাওয়া নেই। সলিডের বিপক্ষে ম্যাচের মতো যে-ই সুযোগ পাবে, তাকেই সেটা (এ ম্যাচে) কাজে লাগাতে হবে।”
গোলরক্ষক দিবেন্দু সরকারের দৃঢ়তায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে মাত্র দুটি গোল খেয়েছে ইস্ট বেঙ্গল। দলটির রক্ষণও বেশ জমাট। প্রহ্লাদ রায়, সুবোধ কুমার, মোহাম্মদ রফিকরাও বুঝতে দিচ্ছেন না ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা ১৪ ফুটবলার ছাড়াই বাংলাদেশে এসেছে দলটি।
ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তাই আত্মবিশ্বাসের সুরে বলে দিয়েছেন, লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছে তার দল। ঢাকা মোহামেডানকে সমীহ করলেও জানিয়েছেন, “একটা দল হিসেবে ভালো করতে এখানে (বাংলাদেশে) এসেছি আমরা।”
