২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার সভাপতি পদে লড়ছেন না জিকো

ফিফার সভাপতি পদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা তুলে নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 02:01 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

গত মাসে জিকো একটি নির্বাচনী ইস্তেহারও দিয়েছিলেন। তবে ৬২ বছর বয়সী সাবেক এই ফুটবলার নির্বাচন করার জন্য নিজের দেশের ফুটবল কনফেডারেশনের সমথর্ন পাননি। 
 
ফিফার সভাপতি পদে নির্বাচন করার জন্য যে কোনো প্রার্থীর পাঁচটি ফুটবল ফেডারেশনের সমর্থন প্রয়োজন। আর এই সমর্থন তাদের আনতে হতো গত সোমবারের মধ্যে।
 
ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গত সোমবার সংগঠনটির মহা সচিব জিয়ান্নি ইনফানতিনোকে সমর্থন দেওয়ার পরই নিজেকে সরিয়ে নেন জিকো। ব্রাজিলের সাবেক অধিনায়ক অবশ্য মাত্র দুটি ফেডারেশনেরই সমর্থন আনতে পারেন।  
 
সোমবার ইনফানতিনোসহ লাইবেরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মুসা বিলিতি ও এশিয়ার ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা নিশ্চিত করেন। 
 
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচনের দিন নির্ধারণ করে। ওই দিন ডাকা বিশেষ কংগ্রেসে জেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচন করা হবে।
 
গত ২৯ মে পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।
 
এ মাসের শুরুতে ফিফার পরবর্তী সভাপতি হতে মনোনয়ন জমা দিয়েছিলেন  উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।
 
কিন্তু তার কদিন পরেই ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্বে থাকা ব্লাটার এবং সহ-সভাপতি প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। এই কমিটিই পরে ওই দুই কর্মকর্তাকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে।