বার্সা অভিষেকের বর্ষপূর্তিতে উজ্জ্বল সুয়ারেস
২৫ অক্টোবর ২০১৪, লুইস সুয়ারেসের জন্য বিশেষ একটি দিন। বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এদিনই অভিষেক হয় উরুগুয়ের এই স্ট্রাইকারের। এইবারের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জিতিয়ে বর্ষপূর্তিকে স্মরণীয় করে রেখেছেন তিনি।
নিজের বিশেষ দিনটির বর্ষপূতিকে স্মরণীয় করে রাখার দারুণ এক সুযোগ আসে সুয়ারেসের সামনে। চোটের কারণে লিওনেল মেসি না থাকায় এইবারের বিপক্ষে দলকে ভালো কিছু এনে দেওয়ার চাপ ছিল তার ওপর।
নিজেদের মাঠ কাম্প নউতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সময় মতো জ্বলে উঠলেন সুয়ারেস। সবাইকে মোহিত করে পিছিয়ে পড়া দলকে গত রোববার বলতে গেলে একাই ৩-১ গোলে জেতালেন তিনি।
