লক্ষ্য পূরণের ‘কাছাকাছি’ ইস্ট বেঙ্গল
খর্বশক্তির দল নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু করা ইস্ট বেঙ্গল দাপটের সঙ্গেই সেমি-ফাইনালে উঠেছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে ওঠা দলটির কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যও জানিয়েছেন, লক্ষ্য পূরণের কাছাকাছি চলে এসেছে তার দল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে ঢাকা মোহামেডানের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। সোমবারের সংবাদ সম্মেলনে বিশ্বজিৎ ম্যাচ নিয়ে কথা বলেন।
প্রতিপক্ষ ঢাকা মোহামেডানকে সমীহ করে ইস্ট বেঙ্গল কোচ বলেন, “প্রতিপক্ষকে আমরা কখনও ছোট করে দেখি না। তারাও ঐতিহ্যবাহী দল; ভালো দল। তবে আমরা এখানে একটা দল হিসেবে ভালো করতে এসেছি। যে লক্ষ্য নিয়ে এসেছি, তা পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা।”
ঢাকা মোহামেডান টুর্নামেন্টের স্বাগতিক না হলেও নিজ দেশের মাঠে খেলার সুবিধা পাবে। প্রতিপক্ষকে তাই এ দিক থেকে একটু এগিয়ে রাখছেন ইস্ট বেঙ্গল কোচ।
“দেখুন, এগিয়ে-পিছিয়ে এ সব হিসেবের মধ্যে নেই। তারা নিজেদের মাঠে খেলবে, স্থানীয় দল, সব তাদের পক্ষে, তারাই এগিয়ে।”
দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠা দলটির অধিনায়ক দীপক কুমার মন্ডলও ঢাকা মোহামেডানকে কঠিন প্রতিপক্ষ মানছেন। তবে লক্ষ্য পূরণে তিনিও আত্মবিশ্বাসী।
“স্থানীয় টিমের বিপক্ষে খেলা মোটেও সহজ হবে না। তবে সেমি-ফাইনালে আমরা ভালো করতে চেষ্টা করব।”
