আগেই ‘হারতে’ রাজি নয় ঢাকা মোহামেডান
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া ইস্ট বেঙ্গলকে সমীহ করছেন ঢাকা মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি। তবে সেমি-ফাইনালের লড়াইয়ে নামার আগেই হেরে যেতে রাজি নন তিনি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। সোমবারের সংবাদ সম্মেলনে লক্ষ্য নিয়ে কথা বলেন জোসি।
টানা ম্যাচ খেলার ক্লান্তির কথা উল্লেখ করে ঢাকা মোহামেডান কোচ বলেন, “খেলোয়াড়রা মানুষ; মেশিন নয়। তবে মরার আগে আমরা মরে যেতে চাই না। জেতার জন্যই খেলব।”
“সর্বশেষ ম্যাচের দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় গতি ছিল না। কেননা, মূল দলের অনেকে অসুস্থ ছিল; অনেকে ক্লান্ত ছিল। তবে আমার বিশ্বাস, ছেলেরা যদি দলবদ্ধ হয়ে খেলতে পারে, তাহলে (সেমি-ফাইনাল) জয় পাওয়া সম্ভব”, যোগ করেন তিনি।
