জাহিদ-এমিলিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল
জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন-এই দুই ফরোয়ার্ডকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ বাছাই পর্বের ম্যাচের দলে থাকা ২৩ জনের সঙ্গে সোমবার বাফুফের দেওয়া দলে যোগ হয়েছে আরও সাতজন।
নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে ও ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলতি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গ্রুপ পর্বে চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে রয়েছেন জাহিদ। চোটের কারণে অধিকাংশ সময় বাছাই পর্বের দলের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে এবার দলে রাখেননি কোচ ফাবিও লোপেজ।
কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে বাছাই পর্বে ‘বি’ গ্রুপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করলেও পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া (৫-০) ও জর্ডানের (৪-০) কাছে বড় ব্যবধানে হারে মামুনুলরা।
গত সেপ্টেম্বরে কিরগিজস্তানের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে ২-০ গোলে হারে লোপেজের দল।
তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা জর্ডানের পয়েন্ট ১৩।
৩০ জনের বাংলাদেশ দল: রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, রেজাউল করিম রেজা, রায়হান হাসান, ওয়ালী ফয়সাল, ফয়সাল মাহমুদ, তপু বর্মণ, নাসিরুল ইসলাম নাসির, ইয়ামিন মুন্না, আতিকুর রহমান মিশু, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, আবদুল বাতেন মজুমদার কোমল, শাহেদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজীব, ইমন মাহমুদ, শাখাওয়াত হোসেন রনি, নাবীব নেওয়াজ জীবন, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, কেস্ট কুমার বিশ্বাস, সোহেল রানা, মাশুক মিয়া জনি, নুরুল ফয়সাল ও আশরাফুল ইসলাম রানা।
