২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আসল চ্যালেঞ্জ’ জয়ে প্রত্যয়ী এমিলি

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি জাহিদ হাসান এমিলি। প্রতিপক্ষের জালের নাগাল পাননি নির্ভরযোগ্য এই ফরোয়ার্ড। গোল করার সামর্থ্য নতুন করে প্রমাণের কিছু নেই তার। কিন্তু চট্টগ্রাম আবাহনীর জয়ে অবদান রাখার বাড়তি তাগিদ নিজের ভেতর থেকে অনুভব করছেন তিনিও।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী নভেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে সোমবার ৩০ জনের প্রাথমিক দল দিয়েছেন জাতীয় দলের কোচ ফাবিও লোপেজ। “শুধু ক্লাব কাপের খেলা দেখেই জাহিদ ও এমিলিকে ফেরানো হবে না”-আগের দিন বলা কথাতে অটল থেকেছেন এই ইতালিয়ান কোচ।

ক্লাব কাপের লক্ষ্য, জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমিলি জানালেন, আপাতত নিজের কাজটুকু করে যেতে চান তিনি; বাকিটা তোলা থাক সময়ের হাতে।

লক্ষ্য পূরণের পর বাড়ন্ত চাওয়া

কোচ শফিকুল ইসলাম মানিকের সুরে সুর মিলিয়ে টুর্নামেন্টের আগের সংবাদ সম্মেলনে এমিলিও বলেছিলেন, “প্রাথমিক লক্ষ্য সেমি-ফাইনাল খেলা।” সে লক্ষ্য দাপটের সঙ্গে পূরণের পর স্বাভাবিকভাবে চাওয়াটা বেড়েছে বলে জানান চট্টগ্রাম আবাহনীর অধিনায়কের দায়িত্ব পালন করা এই ফরোয়ার্ড।

“গ্রুপ পর্বে আমরা হেরেছি-জিতেছি। কিন্তু এখন আর কোনো হারের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ নেই। হারলেই বাদ। আসল চ্যালেঞ্জ শুরু এখন এবং আমরা চ্যালেঞ্জ জিতে ফাইনালে উঠতে চাই।”

আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে স্পিন ঘর বাজানের বিপক্ষে নিজেদের মাঠে খেলা, দর্শকও থাকবে দলের পাশে। এমিলির বিশ্বাস, কোনোকিছু তাদের প্রতিকূলে নেই।

“নিজেদের মাঠে খেলা। কোনো চাপ অনূভব করছি না।  দর্শকের সামনেই খেলতে ভালোবাসি আমরা।”

“সামনের দুই ম্যাচে সেরাটা দিতে চাই”

চলতি আসরে এমিলিকে প্রতিপক্ষের রক্ষণ ছিঁড়েখুঁড়ে খেতে সে অর্থে দেখা যায়নি। চট্টগ্রাম আবাহনীর দুই জয়ের ম্যাচে করা মোট পাঁচ গোলের চারটিই সতীর্থ জাহিদ হোসেনের করা; এমিলিও দ্রুতই গোলে ফেরার প্রতিশ্রুতি দিলেন।

“চোটের কারণে লম্বা সময় বাইরে ছিলাম। সেখান থেকে ফিরে (ক্লাব কাপে) এখনও নিজের সেরাটা দিতে পারিনি। নিজের সামর্থ্যের মোটে তিরিশ ভাগ দিতে পেরেছি। আশা করি, আগামী দুই ম্যাচে সেটা দিতে পারব।”

আক্রমণভাগে আলো ছড়াতে না পারলেও চট্টগ্রাম আবাহনী অধিনায়ক হিসেবে অবশ্য এমিলিকে সফল মানতে হবে। ইস্ট বেঙ্গলের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ঢাকা আবাহনী ও করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে জিতে গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ঠাঁই করে নিয়েছে তার দল।

শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ধারে চট্টগ্রাম আবাহনীতে খেলতে আসা ২৭ বছর বয়সী এই তারকা খেলোয়াড়ও দলের সাফল্যে অভিভূত, “সত্যি বলতে শুরুতে আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। গ্রুপও কঠিন ছিল। এতটা ভাবিনি। তবে আমাদের দলটা ভালো করতে পারে, এ বিশ্বাস ঠিকই ছিল।”

লোপেজের মন্তব্য এবং এমিলির পরিকল্পনা

টিউমারে অস্ত্রোপচারের কারণে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলা হয়নি এমিলির। নতুন কোচ ফাবিও লোপেজ প্রথম মিশনে কিরগিজস্তান থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছেন। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ সামনে রেখে সোমবার কোচের দেওয়া ৩০ জনের প্রাথমিক দলে এমিলির জায়গা হয়নি! অবশ্য দল চূড়ান্ত না হওয়ায় এই ফরোয়ার্ডের ফেরার সুযোগটা শেষ হয়ে যাচ্ছে না এখনই।

২০০৫ সাল থেকে জাতীয় দলের আক্রমণভাগে খেলা এমিলি অবশ্য সব সিদ্ধান্তই কোচের ওপর ছেড়ে দিচ্ছেন, “এটা তার (লোপেজ) সিদ্ধান্ত; ব্যক্তিগত অভিমত। এ নিয়ে আমি আর কি বলতে পারি? আমি যেটা পারি, সেটা হলো নিজের কাজটা করে যাওয়ার এবং সে চেষ্টাই করে যাবো।”

নির্ভরযোগ্য এই ফরোয়ার্ড বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানালেন, “পেটের বাম দিকে একটা টিউমারের অপারেশন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দ্বিতীয় অপারেশন করতে হবে।”