২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের বিপক্ষে আত্মবিশ্বাসী চট্টগ্রাম আবাহনী

নিজেদের মাঠে খেলা বলে চট্টগ্রাম আবাহনীর সমর্থন যেমন বেশি; তেমনি চাপটাও বেশি। তবে আফগানিস্তানের স্পিন ঘর বাজানকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 04:32 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।।

প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে এসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সামর্থ্যের পরিচয় দেয় বাজান। এখন পর্যন্ত অপরাজিত দলটির কোচ ওয়াহিদুল্লাহও আগের দিনের সংবাদ সম্মেলনে নির্ভার কণ্ঠে জানিয়ে গেলেন ফাইনালে ওঠার লক্ষ্য।

“ঢাকা মোহামেডানের বিপক্ষে যখন প্রথম ম্যাচ খেলি, তখন আমরা প্রতিপক্ষ সম্পর্কে কিছুই জানতাম না। এখন জানি। কোনো চাপ নেই। আশা করি, আমরা জিতব।”

সঙ্গে ইস্ট বেঙ্গল আর ঢাকা আবাহনী থাকায় ‘ডেথ’ গ্রুপ নাম পেয়েছিল ‘বি’। দল নিয়ে তাই শুরুতে বড় স্বপ্ন দেখতে চাননি চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক। কিন্তু পেশাদার লিগের গত মৌসুমে ১১ দলের মধ্যে নবম হওয়া চট্টগ্রামের দলটিই ক্লাব কাপে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে হয়েছে গ্রুপ রানার্সআপ।

ফাইনাল খেলার বড় স্বপ্নটা তাই দেখতে শুরু করেছেন দুই জয়ে গ্রুপের রানার্সআপ হওয়া কোচ মানিকও, “আমরা সবার আগে সেমি-ফাইনালে উঠেছি। শেষ পর্যন্ত থাকতে চাই। ছেলেদের সক্ষমতা আছে; তারা চেষ্টা করছে; আমার বিশ্বাস-আমরাই ফাইনাল খেলব।”

প্রতিপক্ষকে অবশ্য কোনো দলই হালকাভাবে নিচ্ছে না। চট্টগ্রাম আবাহনীর ফুটবলারের নাম জানাতে না পারলেও বাজান কোচ যেমন বললেন, “ওদের তিন খেলোয়াড়কে আমরা নজরে রাখব। আমরা তাদের কিছু দুর্বলতা জানি; সেটা নিয়ে কাজ করছি।”

আর বাজান সম্পর্কে চট্টগ্রাম আবাহনী কোচ মানিকের বিশ্লেষণ, “তারা ঐক্যবদ্ধ দল। শারীরিকভাবে শক্তিশালী এবং তাদের খেলোয়াড়দের প্রাণশক্তি প্রচুর।”

হালকা অসুস্থতার কারণে বাজান অধিনায়ক সংবাদ সম্মেলনে আসেননি। তবে কোচ জানালেন-দল চোটমুক্ত। চোট নিয়ে চিন্তা নেই চট্টগ্রাম আবাহনী দলেও। দুই কোচ অবশ্য জানালেন টানা ম্যাচ খেলার ক্লান্তির কথা।

সেমি-ফাইনালের চাপ সে অর্থে নিতে চাইলেন না দুই কোচ। বাজান কোচ বললেন, “প্রতিপক্ষ সম্পর্কে এখন জানি; তাই এখন কোনো চাপ নেই।”

স্বাগতিক কোচের কথা, “কোনো চাপ নেই। গ্রুপে ভালো-খারাপ দুটোই করেছি। কিন্তু সমর্থকদের পাশে পেয়েছি। আশা করি এ ম্যাচেও পাব।”

আরও একজনের কাছ থেকে বাড়তি পাওয়ার আশা আছে চট্টগ্রাম কোচ মানিকের। ঢাকা আবাহনী ও করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে দুটি জয়ে চার গোল করে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফরোয়ার্ড জাহিদ হোসেনের কাছে আরও চান কোচ। সঙ্গে মানিক আস্থার সুরে এটাও জানিয়ে গেলেন, জাহিদকে বাজানের ডিফেন্ডাররা কড়া পাহারায় রাখলে এমিলি-কিংসলেদের সামর্থ্য আছে ম্যাচ বের করে আনার।