শীর্ষে রোমা, নাপোলিকে জেতালেন হিগুয়াইন
ফিওরেন্তিনাকে হারিয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে এএস রোমা। দলকে জেতাতে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেছেন মোহামেদ সালাহ। আর আর্জেন্টিনা তারকা গনসালো হিগুয়াইনের গোলে কিয়েভোকে হারিয়েছে নাপোলি।
ফিওরেন্তিনার মাঠে গত রোববার রাতে ২-১ গোলে জেতে গত মৌসুমের রানার্সআপ রোমা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই রোমাকে এগিয়ে দেন চেলসির সাবেক মিডফিল্ডার সালাহ। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড জার্ভিনিয়ো।
৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি থেকে ধারে এ বছরই কিছুদিন ফিওরেন্তিনায় খেলা সালাহকে। এর পর যোগ করা সময়ের গোলে হারের ব্যবধান কমে ফিওরেন্তিনার।
এই নিয়ে লিগে টানা চার ম্যাচ জেতা রোমার পয়েন্ট এখন ৯ ম্যাচে ২০। শীর্ষস্থান হারানো ফিওরেন্তিনা সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনা ফরোয়ার্ড হিগুয়াইনের গোলে কিয়েভোকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের।
সাস্সুয়োলোকে ২-১ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে এসি মিলান। সাস্সুয়েলোর পয়েন্ট ১৫, ষষ্ঠ স্থানে আছে তারা।
আর আর্জেন্টিনার পাওলো দিবালার নৈপুণ্যে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ১৪ পয়েন্ট নিয়ে আতালান্তা রয়েছে নবম স্থানে।
শনিবার রাতে পালেরমোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ইন্টার মিলানের পয়েন্ট ১৮। চতুর্থ স্থানে আছে তারা।
