গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাজান
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে উঠেছে স্পিন ঘর বাজান। সলিড এসসির বিপক্ষে আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের জয়টি ৩-১ ব্যবধানের।
দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো বাজান। অন্যদিকে কলকাতা মোহামেডানকে হারিয়ে পাওয়া তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল শ্রীলঙ্কার ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন সলিড।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রোববারের ম্যাচের প্রথমার্ধে দুই দলের খেলাতেই গতি ছিল না। তবে গোলের সুযোগ বেশি তৈরি করে সলিড। দ্বাদশ মিনিটে ৩৫ গজ দুর থেকে নেওয়া এও শোলার ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি শ্রীলঙ্কার দলটির।
২৯তম মিনিটে মুস্তাফা আফসারের ব্যাক পাসে সাইদ মোহাম্মদের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। প্রথমার্ধে বলার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষ গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ওলায়েমি ব্যর্থ হওয়ার পর ৪৩তম মিনিটে এগিয়ে যায় সলিড; বদলি হিসেবে নামা ডব্লিউডি ডানোজের থ্রু পাস থেকে বাজানের ডিফেন্ডার ও গোলরক্ষকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ওলায়েমি।
৭২তম মিনিটে আনোয়ার আকবারির ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করে বাজানকে সমতায় ফেরান মুস্তাফা আফসার।
তিন মিনিট পর বাজানের এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়। সাইদ মোহাম্মদের বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক কাছের পোস্টে লেগে ফেরে।
৭৮তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে ঠিকই এগিয়ে যায় বাজান। ফারদিন হাকিমির কাট ব্যাক থেকে সলিড গোলরক্ষককে পরাস্ত করেন বদলি খেলোয়াড় রেজাল্লাহ ইয়ারি।
শেষ দিকে অধিনায়ক গোলাম হযরতের শট ঠিকানা খুঁজে পেলে বাজানের জয় নিশ্চিত হয়ে যায়।
আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বাজান।
