২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড় কেনায় টাকা ঢালবে বার্সা

তারকায় ভরা বার্সেলোনায় আগামী জানুয়ারিতে দেখা যেতে পারে নতুন আরও কয়েকজন তারকা ফুটবলার। স্পেনের শীর্ষস্থানীয় ক্লাবটির আয় বাড়ায় আগামী জানুয়ারিতে দল বদলের মৌসুমে নতুন খেলোয়াড় কিনে স্কোয়াডের শক্তি আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 03:29 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

ফিফার নিষেধাজ্ঞার কারণে সবশেষ দুটি দলবদলে খেলোয়াড় ‘দলভুক্ত’ করতে পারেনি বার্সেলোনা। অপ্রাপ্তবয়ষ্ক খেলোয়াড়দের দলে নেওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙায় ফিফা ক্লাবটিকে এই শাস্তি দেয়।
 
এ মৌসুমেই তুরস্কের প্লেমেকার আরদা তুরান আর স্পেনের মিডফিল্ডার আলিশ ভিদালকে দলে নেয় বার্সেলোনা। কিন্তু দুজনই আগামী বছর থেকে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন। 
 
এনরিকের যদি আরও খেলোয়াড় প্রয়োজন হয় তাহলে তাকে টাকা খরচের সবুজ সংকেত দিয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার স্পেনের লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনরিকে। 
 
“তারা আমাকে বলেছে, শীতকালীন (দলবদলের) বাজারে খেলোয়াড় চুক্তিবদ্ধ করার সুযোগ আছে।”
 

“আমারা যদি নতুন খেলোয়াড় নিতে পারি তো সেটা সব সময়ই ভালো খবর", যোগ করেন বার্সেলোনা কোচ। গত সপ্তাহে বার্সেলোনা জানায়, এ মৌসুমে তাদের সম্ভাব্য আয় ৬৩ কোটি ৩০ লাখ ইউরো পর্যন্ত বাড়তে পারে। গত মৌসুমে ট্রেবল জয়ী দলটির আয় ছিল ৬০ কোটি ৮০ লাখ ইউরো। গত মৌসুমে বার্সেলোনার মোট লাভ হয়েছিল ১ কোটি ৫০ লাখ ইউরো। আর ২০১৫-১৬ মৌসুমে তারা ২ কোটি ইউরো মোট লাভের লক্ষ্য নির্ধারণ করেছে।