‘এটা চট্টগ্রামবাসীর বিজয়’
শুরুতে দর্শক খরা ছিল, কিন্তু এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে একটু একটু করে মিলছে প্রাণের স্পন্দন। চায়ের টেবিলের আলোচনাতেও জায়গা করে নিচ্ছে চট্টগ্রাম আবাহনীর সাফল্য। ‘ডেথ’ গ্রুপ বি পেরিয়ে যে চট্টগ্রামের দলটিই সবার আগে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে করাচি ইলেক্ট্রিককে ৪-২ গোলে হারিয়ে সেরা চারে খেলা নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।
স্থানীয় দলটি শেখ কামাল ক্লাব কাপের আয়োজক বলে টুর্নামেন্ট নিয়ে প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকায় কোচ শফিকুল ইসলাম মানিকও স্বপ্ন ‘ছোট’ করে জানিয়েছিলেন, সেমি-ফাইনালে খেলাই তার প্রাথমিক লক্ষ্য।
সে লক্ষ্য গ্রুপের শেষ ম্যাচে এসেছে পূরণ করেছে মানিকের শিষ্যরা। জাহিদ হোসেনের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে বড় জয় দিয়েই রানার্সআপ হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার দল ইস্ট বেঙ্গল।
রানার্সআপ হয়ে সেরা চারে ওঠা চট্টগ্রামবাসীর বিজয় বলেই মানছেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব শামসুল হক চৌধুরী, “এটা চট্টগ্রামবাসীর বিজয়।”
মাঠে ফেরা দর্শকের প্রশংসাও করতে ভোলেননি মহাসচিব। স্বপ্নটাকে আরও বড় করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রাম আবাহনীর সেমি-ফাইনালে ওঠা এক বড় অজর্ন। দর্শকদের অভিনন্দন দলকে অকুণ্ঠ সমর্থন জোগানোয়। আমরা ফাইনালে খেলার স্বপ্ন দেখছি।”
পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচিকে যেভাবে চট্টগ্রাম আবাহনী উড়িয়ে দিয়েছে, তাতে মুগ্ধ মাঠে আসা দর্শকও। এ এস এম আশিকুল ইসলাম যেমন জানালেন, “চট্টগ্রামের মাঠে অনেকদিন পর এমন টুর্নামেন্ট হচ্ছে। আজ চট্টগ্রাম আবাহনীর খেলা দেখে মনে হলো এ দল ফাইনালে উঠবে। ঘরের মাঠে দল ফাইনাল খেললেই আমরা খুশি হব।”
১৯৮৭ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর দলনেতা ছিলেন দেবাশীষ বড়ুয়া দেবু। পেশাগত জীবনে ক্রীড়া সাংবাদিক দেবুও উচ্ছ্বসিত উত্তরসূরিদের বিজয়ে।
“চট্টগ্রাম আবাহনীর সাফল্যে স্থানীয় ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে আশা করি। দলের সাবেক খেলোয়াড় হিসেবে আমি আনন্দিত। আমি মনে করি, একটি যোগ্য দল হিসেবেই তারা শেষ চারে উঠেছে।”
“আশা করছি, দল আরও ভালো কিছু করবে। এতে করে ভবিষ্যতে চট্টগ্রামের ফুটবলাররা আরও অনুপ্রাণিত হবে”, যোগ করেন এই সাবেক অধিনায়ক।
প্রথম খেলায় ইস্ট বেঙ্গলের কাছে ১-০ গোলে হারে চট্টগ্রাম আবাহনী। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।
এমন সাফল্যে প্রিমিয়ার লিগেও আগামীতে ভালো ফলের আশা করছেন চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক।
“ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আরও ভাল দল করে সাফল্য আনার লক্ষ্য আছে আমাদের।”
