এভারটনকে হারিয়ে ইপিএলের শীর্ষে আর্সেনাল
শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কক্ষপথে ফেরার পর ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে গেল আর্সেনাল। আক্রমণাত্মক ফুটবলের অপূর্ব প্রদর্শনী দেখিয়ে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
সেই ১৯৯৬ সালের পর আর্সেনালের মাঠে জেতেনি এভারটন। শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে তাই লজ্জা ঘোচানোর লক্ষ্য ছিল এভারটনের। তবে শুরু থেকেই স্বাগতিকদের তিন তারকা আলেক্সিস সানচেস, মেসুত ওজিল আর অলিভিয়ে জিরুদকে সামলাতে ব্যতিব্যস্ত থাকতে হয় তাদের।
প্রথম ৩৫ মিনিট আর্সেনালকে আটকে রাখতে পারলেও দুই মিনিটের মধ্যে দুই হেডে এভারটনের জালে দুইবার বল ঢোকে।
৩৬তম মিনিটে ডান দিক থেকে বল ভাসিয়ে দেন জার্মান মিডফিল্ডার ওজিল। গোলরক্ষকের সামনে থাকা জিরুদ মাথার পেছন দিয়ে হালকা ছোঁয়ায় তা পাঠিয়ে দেন জালে।
১ মিনিট ৪৬ সেকেন্ড পর আরেকটি হেড হতাশায় ডোবায় গোলরক্ষক টিম হাওয়ার্ডকে। এবার বাঁ-দিক থেকে ফ্রি-কিক নেন সান্তি কাসোরলা। হাওয়ার্ড এগিয়ে গিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি; লাফিয়ে উঠে হেডে তাকে ফাঁকি দেন ফরাসি ডিফেন্ডার কোসেয়েলনি।
বিরতির পরও এভারটনের রক্ষণভাগকে একের পর এক আক্রমণ প্রতিহত করে যেতে হয়।
শুরুতে ডি-বক্সের ভেতর কঠিন একটা সুযোগ কাজে লাগাতে পারেননি আর্সেনালের সানচেস। ৫৩তম মিনিটে আরেকটা সুযোগ পেয়েছিলেন চিলির এই স্ট্রাইকার। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন বল বাড়িয়েছিলেন বাঁ দিকে ডি-বক্সে থাকা সানচেসকে। হাওয়ার্ড এগিয়ে এসে ডাইভ দিয়ে তার পা থেকে বল সরিয়ে দেন।
তিন মিনিট পর ডি-বক্সে বল পেয়েছিলেন জিরুদও; তবে ভালোমতো বাইসাইকেল কিক নিতে না পারায় বল ফেরাতে সমস্যা হয়নি হাওয়ার্ডের।
৫৯তম মিনিটে ডান দিক থেকে একেবারে ছয় গজের বক্সে নীচু ক্রস দিয়েছিলেন চেম্বারলেইন; তবে পা লাগাতে পারেননি জিরুদ।
১০ মিনিট পর দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই গিয়েছিলেন জিরুদ। ডি-বক্সের ভেতর দারুণ পাস দিয়েছিলেন ওজিল। কিন্তু জিরুদের জোরাল শট ক্রসবারে লেগে ফিরে আসে।
ক্রসবার আশাহত করে এভারটনকেও। ৭৯তম মিনিটে রোমেলু লুকাকুর হেড চেককে ফাঁকি দিলেও লাগে ক্রসবারে। ৮৬তম মিনিটে জেরার্দ দেউলেফেউর শট দারুণ দক্ষতায় ঠেকান চেক।
এই মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে হারল এভারটন। অন্য দিকে আর্সেন ভেঙ্গারের দল এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতল। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল তারা।
এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা চেলসি ১১ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে।
আরেক ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে পঞ্চম স্থানে থাকা লেস্টার সিটি। লেস্টারের পয়েন্ট ১৯, প্যালেসের পয়েন্ট ১৫।
