২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আবাহনীর প্রশংসা ইস্ট বেঙ্গল কোচের

ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে টুর্নামেন্ট স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি ঢাকা আবাহনী। তবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠা প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল কোচের প্রশংসা পেয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম থেকে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ইস্ট বেঙ্গল ও ঢাকা আবাহনীর ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই গ্রুপ থেকে ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম আবাহনী রানার্সআপ হিসেবে সেরা চারে উঠেছে।
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য শিষ্যদের খেলা নিয়ে সন্তোষ জানিয়ে প্রতিপক্ষের প্রশংসা করেন।
 
“আমার মনে হয়, ম্যাচটা উপভোগ্য হয়েছে। ঢাকা আবাহনী ভালো খেলেছে; তারা আমাদের প্রচুর চাপে রেখেছিল। তবে আমাদেরও পরিকল্পনা ছিল এবং আমরা ম্যাচটা বের করে নিয়েছি।”
 
ইস্ট বেঙ্গলের বিপক্ষে দুই গোলের ব্যবধানে জিতলে ঢাকা আবাহনী সেরা চারে ঠাঁই করে নিতে পারত। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা আর ভাগ্যেকে পাশে না পাওয়ায় সমীকরণ মেলাতে পারেনি দলটি।
 

তৃতীয় হয়ে গ্রুপ থেকে বিদায় নেওয়ার দায় ফরোয়ার্ডদের কাধেই দিলেন ঢাকা আবাহনী কোচ অমলেশ সেন। “ফরোয়ার্ডরা গোলের সুযোগগুলো না হারালে আমরা কোয়ালিফাই (সেমিতে ওঠা) করতে পারতাম। ভাগ্যেরও কিছুটা দোষ আছে।” কেস্টার আকন, প্রাণোতোষ দাস ও ওয়ালী ফয়সাল চোট নিয়ে এই আসর খেলছেন। কেস্টার ইস্ট বেঙ্গলের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেই পারেননি। কোচ জানান, চোটের কারণে প্রাণোতোষ-ওয়ালীও নিজেদের মেলে ধরতে পারেননি। শেখ কামালের নামের টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ব্যর্থ হওয়ায় ভীষণ হতাশ ঢাকা আবাহনী কোচ। দলটির সমর্থকদের জন্য বিষয়টি সমান হতাশার বলে জানান তিনি। বড় আশা নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে ইস্ট বেঙ্গলের সঙ্গে ড্র নয়, চট্টগ্রাম আবাহনীর কাছে হারটিকেই বড় করে দেখছেন অমলেশ। “আসলে চট্টগ্রাম আবাহনীর কাছে হারটিই আমাদের জন্য সবকিছু কঠিন হয়ে গিয়েছিল।”