২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাথমিক লক্ষ্য’ পুরণের আনন্দ মানিকের

টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতির কমতি থাকার কথা জানিয়ে স্বপ্নটাকে ‘ছোটই’ রেখেছিলেন চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রাথমিক লক্ষ্য হিসেবে জানিয়েছিলেন সেমি-ফাইনালে ওঠার কথা। সে লক্ষ্য সবার আগে পূরণ করতে পেরে স্বাভাবিকভাবে দারুণ খুশ তিনি।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 10:58 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার করাচি ইলেক্ট্রিককে ৪-২ গোলে হারিয়ে সেরা চারে ওঠা নিশ্চিত করে টুর্নামেন্টের আয়োজকরা। দলের জয়ে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড জাহিদ হোসেন।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লক্ষ্য পূরণের আনন্দে মানিক বলেন, “আমাদের দলটি ভালো ছিল কিন্তু প্রস্তুতি ভালো ছিল না। এ কারণেই সেমিতে খেলার প্রাথমিক লক্ষ্য ঠিক করেছিলাম; লক্ষ্য পূরণ হওয়ায় খুশি।”

গোল পার্থক্যে এগিয়ে যাওয়ায় চট্টগ্রাম আবাহনীকে (+২) ইস্ট বেঙ্গল-ঢাকা আবাহনীর ম্যাচের ফলে দিকে তাকিয়ে থাকতে হয়নি। মানিক জানালেন, দুই গোল ব্যবধানের জয়ের চাওয়াটা শিষ্যদের আগেই জানিয়েছিলেন তিনি।

“জানতাম কোয়ালিফাই করতে হলে আমাদের দুই গোলের ব্যবধানে জিততে হবে। ছেলেদের এটা আগেই বলে রেখেছিলাম। তাই ছেলেরা শুরুতে অলআউট আক্রমণে গেছে এবং লক্ষ্য ছিল শুরুর কুড়ি মিনিটের মধ্যে দুই গোল তুলে নেওয়া।”

দুই গোল হজমের ব্যাখ্যায় চট্টগ্রাম আবাহনী কোচ বলেন, “ওই দুইটা গোল আমরা খেয়েছি বাজে রক্ষণের কারণে। আসলে ওয়ালি ফয়সাল ও তপু বর্মনকে না পাওয়ায় আমাদের এই দিকটার শক্তি কমেছিল; হাতে খুব বেশি বিকল্পও ছিল না।”

ইউসুফ ইসার লাল কার্ড নিয়েও অখুশি মানিক। তবে সব ভুলে এখন সেমি-ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় তিনি, “আগে সেমির প্রতিপক্ষ দেখি; তারপরও ফাইনালে ওঠার লক্ষ্য ঠিক করব।”

টানা তিন হার নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি। তবে দলটির কোচ মাজিদ শাফিক জানান, অনেক অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরছেন তারা।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খেলার মান নিয়েও বিস্মিত পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ কোচ, “এতটা ভালো খেলা হবে তা আমিও ভাবিনি।”

মাত্র তিন মাস আগে করাচি ইলেক্ট্রিকের দায়িত্ব নেওয়া শাফিক আরও জানান, তার হাতে জাদুর কাঠি নেই; তবে বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতা কাজে লাগবে তার দলের।