২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেল্তাকে মাটিতে নামাল রিয়াল

এ মৌসুমে আকাশে উড়তে থাকা সেল্তা দে ভিগোকে মাটিতে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলের এই জয়ে লা লিগার শীর্ষেই রইল প্রতিযোগিতার সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 10:33 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শনিবার ক্রিস্তিয়ানো রোনালদো রিয়ালকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দানিলো। দারুণ ফর্মে থাকা নোলিতো ব্যবধান কমালেও মার্সেলোর গোলে সহজ জয়ই পায় রাফায়েল বেনিতেসের দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা রিয়ালকে অষ্টম মিনিটে এগিয়ে দেন রোনালদো। বাঁ দিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেসের আড়াআড়ি পাস পেয়ে দারুণ শটে বল জালে জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড। এবারের লিগে রোনালদোর এটা সপ্তম গোল।

শুরতেই পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে আক্রমণে ওঠে সেল্তা। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সমতায় ফিরতে পারতো তারা; কিন্তু গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন নোলিতো।

ষষ্ঠদশ মিনিটে সেরা সুযোগটি পায় স্বাগতিকরা। কিন্তু চিলির স্ট্রাইকার ফাবিয়ান ওরেয়ানার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।

সেল্তার একের পর এক সুযোগ নষ্ট করার মাঝেই ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

হেসে রদ্রিগেস ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়া দানিলোকে বল বাড়ান। ব্রাজিলের এই ডিফেন্ডারের আশে পাশে সেল্তার কোনো খেলোয়াড় ছিলেন না; সময় নিয়ে দেখে বুঝে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই মৌসুমেই সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়া দানিলোর রিয়ালের হয়ে এটা প্রথম গোল।

৩১তম মিনিটে আবারও নাভাসের নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। ডেনমার্কের ডিফেন্ডার ড্যানিয়েল ভ্যাসের ফ্রি-কিক ডান দিকে লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৯তম মিনিটে কাছ থেকে নেওয়া নোলিতোর শট ঠেকিয়ে আরেকবার দলকে বাঁচান কোস্টা রিকার এই গোলরক্ষক।

৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয়টা নিশ্চিতই করে ফেলতে পারতেন ভারকেস। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগটি নষ্ট করেন রিয়ালের এই মিডফিল্ডার।

৫৭তম মিনিটে বড় একটা ধাক্কা খায় সেল্তা। বল পায়ে ছুটতে থাকা সের্হিও রামোসকে টেনে ধরায় পাবলো এরনান্দেসকে হলুদ কার্ড দেখান রেফারি। এটা নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ালে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাবরাল।

ওই ঘটনায় সেল্তার আরও দুই জনকে হলুদ কার্ড দেখান রেফারি।

এক জন কম নিয়েও লড়াই চালিয়ে যায় সেল্তা। তবে ৬৮তম মিনিটে ভাগ্য সহায় হলে ব্যবধান বাড়তে পারতো রিয়ালের। কিন্তু ইসকোর শট পোস্টে লাগে।

৭১তম মিনিটে ব্যবধান কমানোর আরেকটি দারুণ সুযোগ নষ্ট হয় সেল্তার। নোলিতোর শট নাভাসকে পরাস্ত করলেও গোললাইনে দাঁড়ানো মার্সেলো বল ঠেকিয়ে দেন।

৮৫তম মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি নোলিতোকে। ডি বক্সের ঠিক বাইরে ডান দিকে খানিকটা আড়াআড়ি দৌড়ে সামনে থাকা এক জনকে ফাঁকি দিয়ে আচমকা জোরালো শটে উপরের কোনা দিয়ে বল জালে জড়ান স্প্যানিশ এই স্ট্রাইকার। এবারের লিগে এটা তার সপ্তম গোল।

এই গোলে সেল্তার আরেকটি চমকের সম্ভাবনা জেগে ওঠে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে ডি বক্সের মধ্যে বাঁ দিক থেকে মার্সেলোর কোনাকুনি শটে ব্যবধান বাড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। এর পরেই আছে ১৮ পয়েন্ট পাওয়া সেল্তা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও ১৮।