২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ইস্ট বেঙ্গল

গ্রুপের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করেছে ইস্ট বেঙ্গল। এই ড্রয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে উঠেছে ভারতের ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী দলটি।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 09:53 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম আবাহনী ছয় পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপের রানার্সআপ। শনিবার দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিককে ৪-২ গোলে হারায় টুর্নামেন্টের স্বাগতিকরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াহেদ আহমেদ, সানডে চিজোবারা সুযোগ নষ্টের মিছিলে যোগ দেন। এর সঙ্গে ভাগ্যও প্রতিপক্ষ হয়ে দাঁড়ালে ঢাকা আবাহনীর বিদায় নিশ্চিত হয়ে যায়।

খর্ব শক্তির দল নিয়ে বাংলাদেশে আসা ইস্ট বেঙ্গলের রক্ষণকে শনিবার ম্যাচের প্রথমার্ধে চাপে রাখে ঢাকা আবাহনী। ভাগ্যকে পাশে পেলে প্রথম সুযোগ থেকে গোল পেতে পারত তারা। কিন্তু দ্বাদশ মিনিটে তপু বর্মনের থ্রোয়ে ওয়াহেদের হেড প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে।

তিন মিনিট পর ইস্ট বেঙ্গলের আক্রমণ রুখে দেন সামাদ ইউসুফ। গোললাইনের একটু ওপর থেকে হেডে প্রতিপক্ষের আক্রমণ ব্যর্থ করে দেন এই ডিফেন্ডার।

এরপর ইস্ট বেঙ্গলের জালে একের পর এক আক্রমণ করতে থাকে গোলের জন্য মরিয়া ঢাকা আবাহনী। নাসিরুল ইসলামের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়। ওয়াহেদের শট, প্রাণোতোষের হেডও পোস্ট ঘেষে বাইরে গেলে হতাশা বাড়ে ঘরোয়া লিগের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের।

প্রথমার্ধের শেষ দিকেও এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ঢাকা আবাহনী। নাসিরুলের শট লক্ষ্যে না থাকার পর ৪৪তম মিনিটে স্যামসন ইলিয়াসুর আচমকা নেওয়া শটও শেষ মুহূর্তে ফেরান ইস্ট বেঙ্গল গোলরক্ষক দিবেন্দু সরকার।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারায় থাকে ঢাকা আবাহনী; কিন্তু গোল অধরাই থেকে যায়। ৫০তম মিনিটে ইস্ট বেঙ্গলের মোহাম্মদ রফিক বক্সের বাইরে ইলিয়াসুকে ফাউল করলে ফ্রি-কিক পায় আবাহনী; কিন্তু চিজোবার শট রুখে দেন দিবেন্দু।

৭২তম মিনিটে ওয়াহেদকে তুলে আমিনুর রহমান সজীবকে নামান আবাহনী কোচ অমলেশ সেন। কিন্তু গোল এনে দিতে পারেননি এই ফরোয়ার্ডও। ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে এই আসর থেকে বিদায় নিতে হলো ঢাকা আবাহনীকে।