২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদের হ্যাটট্রিকে সেমিতে চট্টগ্রাম আবাহনী

জাহিদ হোসেনের হ্যাটট্রিকে করাচি ইলেক্ট্রিককে হারিয়ে সবার আগে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে টুর্নামেন্টের স্বাগতিকরা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 06:51 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

এ জয়ের পর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬। ইস্ট বেঙ্গল ও ঢাকা আবাহনীর পরের ম্যাচের ফল যাই হোক না কেন, গোল পার্থক্য +২ হওয়ায় টুর্নামেন্টের স্বাগতিকদের শেষ চারে খেলা নিশ্চিত। তবে ওই ম্যাচের ওপর নির্ভর করবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ১০ম, ৩৩তম ও ৮২তম মিনিটে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মাতেন জাহিদ। টুর্নামেন্টে এ নিয়ে চার গোল করলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকে হারানো চট্টগ্রামের দলটি শনিবার শুরু থেকে আক্রমণের পসরা মেলে। তৃতীয় ম্যাচে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ক্রসে এলিটা কিংসলে পা ছুঁলেও বল পোস্টে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি হারায় স্বাগতিকরা।

ছয় মিনিট পর জাহিদ হাসান এমিলির বুক দিয়ে নামানো বলে কিংসলে লক্ষ্যভেদ করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরের মিনিটেই হতাশা ঘুচিয়ে জাহিদ হোসেন চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন।

এমিলির দ্রুত থ্রো থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যাওয়া কিংসলের ক্রস খুঁজে পায় ফাঁকায় থাকা জাহিদকে; শেখ রাসেল থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক ফুটবলারের পা ছুঁয়ে জালে পৌঁছায়।

ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় টুর্নামেন্টের আয়োজকরা। জাহিদের ক্রসে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি কিংসলের।

পিছিয়ে পড়া করাচি প্রথমার্ধের প্রথম বলার মতো আক্রমণটি করে পঞ্চদশ মিনিটে। তবে মোহাম্মদ রিয়াজের শট রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন গোলরক্ষক রাসেল মাহমুদ।

২৬তম মিনিটে হায়াত উল্লাহর ক্রসে মোহাম্মদ রাসুল হেডে লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।

ব্যবধান বাড়াতে আক্রমণ অব্যহত রাখা চট্টগ্রাম আবাহনীর আরেকটি সুযোগ নষ্ট হয় ৩০তম মিনিটে; জাহিদকে বল বাড়িয়ে বক্সের মধ্যে অবস্থান নেন কিংসলে। জাহিদের ফিরতি ক্রসে দরকারি টোকাটা দিতে পারেননি এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

৩৩তম মিনিটে জাহিদের আরেকটি দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৩-১ করে নেয় শফিকুল ইসলাম মানিকের দল। ডান দিকের বক্সের বাইরে বল নিয়ে ছোটা হেমন্তকে ফাউল করেন করাচি ইলেক্ট্রিকের মোহাম্মদ মুসা। কিংসলের ফ্রি-কিক গোলরক্ষকের হাত হয়ে আসে বাম কোনার পোস্টের খুব কাছাকাছি থাকা জাহিদের কাছে; জাতীয় দলের এই ফরোয়ার্ড নিখুঁত শটে বলে ঠিকানায় পৌঁছে দেন।

দশ মিনিট পর রক্ষণের ভুলে দ্বিতীয় গোলটি হজম করে চট্টগ্রাম আবাহনী। বিপদমুক্ত করতে গিয়ে বলে হাত লাগান ইউসুফ ইসা। বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও রাসুলের পেনাল্টি রুখতে পারেননি রাসেল। চলতি টুর্নামেন্টে করাচি ফরোয়ার্ডের এটি চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের দৃঢ়তায় দুইবার বেঁচে যায় করাচি। তবে ৬৬তম মিনিটে বড় ধাক্কাটি খায় চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়ালে দ্বিতীয় হলুদ কার্ড পান ইউসুফ ইসা।

দশ জনের দলে নেমে যাওয়া চট্টগ্রাম আবাহনীই ৮২তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয়। বক্সের মধ্যে রেজা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। জাহিদের পেনাল্টি রুখে দিলেও এই ফরোয়ার্ডের ফিরতি শট আটকাতে ব্যর্থ হন করাচি গোলরক্ষক গুলাম নবী।

ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

তিন ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট পেয়েছে মানিকের দল। ছয় পয়েন্ট আছে ইস্ট বেঙ্গলের; তিন পয়েন্ট পেয়েছে ঢাকা আবাহনী।

দুই জয়ে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ছয়; গোল পার্থক্যে এগিয়ে তারা (+৩)। ঢাকা আবাহনীর সঙ্গে পরের ম্যাচে দলটি জিতলে বা ম্যাচটি ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে তারা। অন্যদিকে, ইস্ট বেঙ্গলকে পেছনে ফেলে সেমি-ফাইনালে উঠতে হলে ঢাকা আবাহনীকে (গোল পার্থক্য শূন্য) ন্যূনতম ২-০ গোলে জিততে হবে।