২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে টানাপোড়েনের অবসান

হকিতে চলা টানাপোড়েনের অবসান হয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন খাজা রহমতউল্লাহ। জট পাকিয়ে থাকা দলবদল শুরু হবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 12:56 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

রহমতউল্লাহ সরে দাঁড়ানোয় আবদুস সাদেককে সাধারণ সম্পাদকের পদে বসানোর সিদ্ধান্ত হয় শনিবারের নির্বাহী কমিটির সভায়। সাবেক এই হকি খেলোয়াড় ফেডারেশনের নির্বাচিত কমিটির সহ-সভাপতির পদে ছিলেন। 
 
সম্পাদকের পদ ছাড়লেও সংস্থাটির সঙ্গেই থাকছেন রহমতউল্লাহ; নির্বাহী কমিটির সিদ্ধান্তে সহ-সভাপতির পদে বসছেন এই সাবেক খেলোয়াড়।
 
অচলাবস্থা কাটায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে)।সভাপতি ও বিমান বাহিনী প্রধান আবু এশরার জানান, গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
 

সরে দাঁড়ানোটা ইতিবাচক হিসেবেই দেখছেন রহমতউল্লাহ। পদ নয়, হকি মাঠে ফিরলেই সন্তুষ্ট হবেন বলে জানান তিনি। “ইতিবাচক হিসেবেই বিষয়টি (পদত্যাগ) দেখছি আমি। খেলাটা মাঠে ফেরাই বড় বিষয়। আশা করি, এবার হকির পরিবেশটা স্বাভাবিক হবে।” নতুন এই পালাবদলে দলবদলের দাবিতে জাতীয় দলের ক্যাম্প বর্জন করা খেলোয়াড়দের ফেরার পথটাও তৈরি হয়েছে। সভাপতি জানান, নির্বাহী কমিটির সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ক্লাবগুলোর দল গঠনের তারিখ ঠিক করা হয়েছে। সংস্থাটির সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে খেলোয়াড়দের মধ্যেও।