২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে সেমির আশা ঢাকা মোহামেডানের

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মোহামেডান। শ্রীলঙ্কার ক্লাব সলিড এসসিকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি। এ জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে জসিমউদ্দিন জোসির দল।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 07:12 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধেই সলিডের জালে চারবার বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহামেডান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।

মোহামেডানের গোল-উৎসবে স্কোরশিটে নাম লেখান ছয় জন; ফয়সাল মাহমুদ রাসেল, মাশুক মিয়া জনি, অরূপ কুমার বৈদ্য, নাবীব নেওয়াজ জীবন, লামিনে কামারা ও হাবিবুর রহমান সোহাগ।

শুরুর একাদশে ফয়সাল ফেরায় মোহামেডানের আক্রমণের গতি বাড়ে। সপ্তম মিনিটে এই মিডফিল্ডারই গোলের প্রথম সুযোগটি তৈরি করেন। জীবনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে গিয়ে জনিকে দারুণ এক ক্রস দেন ফয়সাল। জনি বুক ছোঁয়ালেও বল সেবার ঠিকানা খুঁজে পায়নি।

তিন মিনিট পর অবশ্য ফয়সালের গোলে এগিয়ে যায় মোহামেডান। জনির কাট ব্যাকে ত্বরিত শটে সলিড গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

সুপার কাপের দুইবারের চ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করে নেয় অষ্টাদশ মিনিটে। বল পায়ে হঠাৎ গতি বাড়িয়ে ডান দিক দিয়ে অনেকটা এগিয়ে যাওয়া জীবনের ক্রসে জনি প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।

স্পিন ঘর এফসির কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা মোহামেডান ছোট ছোট পাসে গোছানো ফুটবল খেলে সলিডের রক্ষণে চাপ অব্যাহত রাখে। প্রথমার্ধে আরও দুই গোল করে শ্রীলঙ্কার দলটিকে কোণঠাসা করে ফেলে তারা।

২৪তম মিনিটে বাঁ দিক থেকে নুরুল ইসলাম ফয়সালের ক্রসে কেউ পা লাগাতে না পারলে ডান দিকে বক্সের বাইরে থাকা  অরূপ বল পেয়ে যান। কোনাকুনি শটে অতিথি দলের গোলরক্ষকে পরাস্ত করেন মোহামেডান অধিনায়ক।

৩২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে মোহামেডান; অরূপের ক্রসে ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও বল গ্লাভসবন্দি করতে পারেননি সলিড গোলরক্ষক টিএম ফাসিল। সামনে থাকা জীবনের দ্রুত গতির শট ঠিকানা খুঁজে পায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে পিএন প্রিয়াঙ্কারার লম্বা পাস ধরে ব্যবধান কমান সলিড দলের ফরোয়ার্ড এ ওলায়েমি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সালের কর্নারে লামিনে কামারা নিখুঁত হেডে লক্ষ্যভেদ করে সলিডের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন।

৭৫তম মিনিটে তৌহিদুল আলম সবুজের ক্রস থেকে পাওয়া বল নজরকাড়া শটে জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান সোহাগ।

ম্যাচে মোহামেডান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। খেলার গতি কমে যাওয়া দ্বিতীয়ার্ধের শেষ দিকে ওলায়েমির শট ফিরিয়ে সলিডের হারের ব্যবধান কমানোর সুযোগটিও ব্যর্থ করে দেন তিনি।

শেষ দিকে সবুজের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হলেও বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে আপাতত শীর্ষে উঠে এসেছে দলটি।

তিন পয়েন্ট করে আছে স্পিন ঘর বাজান আর সলিডেরও। কলকাতা মোহামেডানকে হারিয়ে এই আসর শুরু করে শ্রীলঙ্কার চ্যাম্পিয়নরা।