সেল্তা-বিস্ময়ের সামনে চোট জর্জরিত রিয়াল
তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদের পাশে সেল্তা দে ভিগো ‘পুঁচকে’ একটা দল। সাফল্যের পরিসংখ্যানেও দল দুটির মধ্যে বিস্তর ফারাক। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চিত্রটা ভিন্নরকম। চমক জাগানো এই সেল্তার বিপক্ষেই এবার মাঠে নামতে যাচ্ছে মাদ্রিদের দলটি।
দুই দলের অতীত লড়াইয়ে রিয়াল স্বাভাবিকভাবেই অনেক এগিয়ে। তবে এবার সামান্য ভুলেও বড় মাশুল দিতে হতে পারে তাদের। হোঁচট খেলে হারাতে হতে পারে লিগের শীর্ষস্থান। এটা নিশ্চিত যে, গত মাসে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়া সেল্তার বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে রাফায়েল বেনিতেসের দলকে।
এর আগে মুখোমুখি হওয়া ৩৪ ম্যাচের ২০টিতেই জেতে রিয়াল। সেল্তার জয় ১১টি, বাকি তিনটি ম্যাচ হয় ড্র।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় সেল্তার মাঠে মুখোমুখি হবে এবারের লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত দল দুটি।
ঘরের মাঠে খেলার সুবিধার পাশে সেল্তার থাকছে একটি প্রেরণাও, রিয়ালকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবে ক্লাবটি। আট রাউন্ড শেষে দুই দলের পয়েন্ট সমান ১৮, গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে তারা।
এ মৌসুমে বড় দলগুলোর বিপক্ষে সেল্তার যে পারফরম্যান্স তাতে আরেকটি অঘটনের সম্ভাবনা ভালোই আছে। সেপ্টেম্বরে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেল্তার মাঠে খেলতে গিয়ে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ফেরে বার্সেলোনা। আর সপ্তম রাউন্ড শেষে শীর্ষে থাকা ভিয়ারিয়ালকে তাদেরই মাঠে গিয়ে ২-১ ব্যবধানে হারিয়ে আসে সেল্তা।
দুবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকে যদি হারানো যায়, তবে আরেকবার নয় কেন? এই প্রত্যাশাই সেল্তাকে আত্মবিশ্বাসী করে তুলছে।
সম্ভাবনা আছে ঢের, কিন্তু প্রতিপক্ষ যখন রিয়াল তখন প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে বাধা অনেক।
গোল করার দিক দিয়ে সেল্তার আক্রমণভাগও অবশ্য পিছিয়ে নেই; লিগের আট ম্যাচে তারা গোল করেছে ১৭টি, রিয়ালের চেয়ে একটি কম। তবে গোল খেয়েছে আটটি। দলটির আক্রমণভাগের দুর্দান্ত ফর্মের মূল নায়ক নোলিতো। এই স্প্যানিশ স্ট্রাইকার এখন পর্যন্ত লিগে ৬টি গোল করেছেন।
সব হিসেবনিকেশের মধ্যেও রিয়ালের বড় একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে চোট সমস্যা। আক্রমণভাগে করিম বেনজেমা, গ্যারেথ বেল আগে থেকেই নেই। মিডফিল্ডার হামেস রদ্রিগেসেরও নভেম্বরের আগে ফেরার সম্ভাবনা নেই। রক্ষণে নেই দানি কারবাহাল ও পেপে।
গোল করা আর গোল না খাওয়ার হিসেবে রিয়ালের খেলোয়াড়েরা প্রশংসা পেলেও দলীয় পারফরম্যান্সে অবশ্য ধারাবাহিকতার বেশ অভাব আছে। লিগে টানা দুটি ড্রয়ের পর গত শনিবার যেমন লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফেরার আভাস দেয় তারা। কিন্তু গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আবার পিএসজির মাঠে গোলশূন্য ড্র করে তারা।
সেল্তার মাঠে সাফল্য পেতে তাই চোটের পাশাপাশি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার জন্যও লড়তে হবে প্রতিযোগিতার সফলতম দলটিকে।
