২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগেও লিভারপুলের ড্র

কোচ বদল হলেও লিভারপুলের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ড্রর বৃত্তেই রয়ে গেছে অ্যানফিল্ডের দলটি। ইউরোপা লিগে ইয়ুর্গেন ক্লপের দল ড্র করেছে রাশিয়ার ক্লাব রুবিন কাজানের সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 03:02 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

নিজেদের মাঠে গত বৃহস্পতিবার রাতে কাজানের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল। 
 
মার্কো দেভিচের ১৫তম মিনিটের গোলে এগিয়ে যায় অতিথি দল। তবে ৩৬তম মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক ওলেগ কুজমিন। এর এক মিনিট পরই এমরে কানের গোলে সমতায় ফেরে লিভারপুল।
 
গত ৪ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কোচ ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করে জার্মানির ক্লপকে দায়িত্ব দেয় লিভারপুল। কিন্তু ভাগ্য আর বদলায়নি তাদের। প্রিমিয়ার লিগে পরের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করে লিভারপুল। 
 
এবার ইউরোপা লিগে টানা তৃতীয় ম্যাচে ড্র করল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।
 
ক্লপের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে। এফকে কাবালাকে ৩-১ গোলে হারায় তারা। 
 
এ ছাড়া বৃহস্পতিবার জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালির নাপোলি, স্পেনের ভিয়ারিয়াল ও ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম।