চট্টগ্রামে পূজার উৎসবে কলকাতা মোহামেডান
দুর্গা পূজার সময়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজন; ভারতীয় ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডান ও কিংফিশার ইস্ট বেঙ্গল পূজার মধ্যে বাংলাদেশে আসবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু দেশ, পরিবার-পরিজন ছেড়ে আসলেও পূজার উৎসবের আনন্দে খুব একটা কমতি হয়নি অতিথিদের।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদিন অনুশীলনের ব্যস্ততা আছে; আছে মাঠের লড়াই। কিন্তু তাই বলে পূজার আনন্দ তো আর বাদ দেয়া যায় না; সেজন্যই পূজা মণ্ডপে যাওয়ার সুযোগ হারাননি কলকাতার দল মোহামেডান।
বৃহস্পতিবার পূজার শেষ দিনে সন্ধ্যায় মোহামেডানের খেলোয়াড়, কর্মকর্তারা গেলেন লালখান বাজার এলাকার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পূজা মণ্ডপে। আধা ঘণ্টারও বেশি সময় দেখলেন পূজা।
দেবী দুর্গাকে প্রণাম, মোবাইলে ছবি তোলা, প্রিয়জনদের জন্য টুকটাক কেনাকাটা-সবই করলেন অতিথি দলের খেলোয়াড় আর কর্মকর্তারা।
দলের ম্যানেজার বেলাল আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “খেলোয়াড়রা পূজার দিনে ঘর ছেড়ে বাইরে এল, পূজা না দেখলে কিভাবে হয়? তাইতো সবাইকে নিয়ে চলে এলাম।”
