২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুইফের ফুসফুস ক্যান্সার

নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার পাওয়া পরীক্ষার ফল থেকে চিকিৎসকরা ক্রুইফের ক্যান্সার হওয়ার বিষয়ে নিশ্চিত হন। ৬৮ বছর বয়সী সাবেক এই তারকার অসুস্থতার মাত্রা কোন পর্যায়ে আছে, বর্তমানে এর পরীক্ষা করা হচ্ছে।

১৯৭৪ সালে নেদারল্যান্ডসকে বিশ্বকাপের ফাইনালে তুলতে মূল ভূমিকা রাখা ক্রুইফ ক্লাব ফুটবলে আয়াক্সকে টানা তিনবার ইউরোপ সেরার মুকুট এনে দেন।  

স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনাতেও খেলেন ক্রুইফ। পরে দলটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।  

ক্রুইফের অধীনেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জেতে বার্সেলোনা। দলটিকে ১৯৮৯ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপেরও চ্যাম্পিয়ন করান তিনি।

এ ছাড়া ক্রুইফের কোচিংয়ে ১৯৯০-৯১ থেকে ১৯৯৩-৯৪ পর্যন্ত টানা চারবার লা লিগায় চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।

অনেকের মতেই ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রুইফ তিন বার ব্যালন ডি'অর জেতেন। ১৯৯১ সালে তার দুইবার বাইপাস সার্জারি করা হয়েছিল।