২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেও খুশি রিয়াল কোচ

পিএসজির সঙ্গে ড্র করার পরও সন্তুষ্টির হাওয়া বইছে রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটির কোচ রাফায়েল বেনিতেস তার শিষ্যদের পারফরম্যান্সে খুশি হওয়ার কথা জানিয়েছেন। আর নিজেদের খেলাকে নিখুঁত বলে উল্লেখ করেছেন অধিনায়ক সের্হিও রামোস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 02:10 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম থেকে গত বুধবার রাতে পিএসজির সঙ্গে গোলশূন্য ড্র করে ফেরে রিয়াল। 
 
চোটের কারণে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ার ছাড়াই ম্যাচটি খেলতে নামে রিয়াল। এর পরও ড্র নিয়ে ফিরতে পারায় নিজের খেলোয়াড়দের প্রশংসা করেন বেনিতেস। 
 
“চোট সত্ত্বেও শক্তিশালী রিয়াল মাদ্রিদকে দেখেছি আমরা। …দল শুধু ভালোই খেলেনি, এক কথায় তারা ছিল অনন্য।”
 

বল দখলের লড়াইয়ে পিএসজির চেয়ে অবশ্য পিছিয়ে ছিল রিয়াল। তবে এটা নিয়ে মোটেই ভাবছেন না বেনিতেস। দল চাহিদা অনুযায়ী খেলতে পারায় খুশি তিনি।  “প্রয়োজনের সময় দল রক্ষণ করেছে এবং বল যখন আমাদের অর্ধ থেকে বেরিয়েছে, তখন আক্রমণ করেছে।” দলের পারফরম্যান্স নিয়ে কোচের সঙ্গেই কণ্ঠ মেলান রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার রামোস।  “অবশ্যই মানসম্পন্ন একটি দলের বিপক্ষে কঠিন এক ম্যাচ ছিল এটা, যেটা অনেক প্রতিদ্বন্দ্বিতাময়। কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লিগ। নিখুঁত পারফরম্যান্সের পর আমরা আনন্দ নিয়েই যেতে পারি।”