২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অনুপস্থিতিতে বার্সার কাণ্ডারি নেইমার

বাতে বরিসভের বিপক্ষে বার্সেলোনাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নেইমার আবারও প্রমাণ করলেন, লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের কাণ্ডারি হয়ে উঠতে পারেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:08 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

আর্জেন্টাইন তারকা মেসি চোট পেয়ে দুই মাসের জন্য ছিটকে পড়ায় গুরুদায়িত্বটা নেইমারের কাঁধে পড়েছে। তাতে মোটেও ভেঙে পড়েননি ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। বরং আরও বেশি জ্বলে উঠছেন তিনি। 
 
গত শনিবার লা লিগায় রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিতে একাই ৪ গোল করেন নেইমার। আর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরিসভের মাঠে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে ইভান রাকিতিচের দুটি গোলই আসে নেইমারের পাস থেকে। 
 
মঙ্গলবার রাতে নেইমারের পারফরম্যান্সের প্রশংসা করে বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রা বলেন, “আমার মনে হয়, মেসি না থাকায় নেইমার আক্রমণ গড়ায় বেশি অংশ নিচ্ছে।”
 
সাংবাদিকদের বার্ত্রা আরও বলেন, “সে (নেইমার) ভালো খেলছে এবং যে রকম মেধাবী খেলোয়াড় আমাদের আক্রমণভাগে আছে তাতে তার ও সুয়ারেসের গোল করে যাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
 
বরিসভকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পর ম্যাচ শেষে বার্সেলোনার আরেক ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোও নেইমারের প্রশংসা করেন। তবে মেসির সঙ্গে কারো তুলনা করতে নারাজ তিনি।
 
“নেইমার দারুণ খেলোয়াড়, কিন্তু লিও অতুলনীয়। তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।”