কলকাতা মোহামেডানকে হারাল সলিড এফসি
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কলকাতা মোহামেডানকে হারিয়েছে সলিড এসসি। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের জয়টি ২-১ গোলের।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার শুরু থেকে রক্ষণ জমাট রেখে কলকাতা মোহামেডানকে ভালোভাবেই আটকে রাখে সলিড। প্রথমার্ধে এক গোল খেলেও দ্বিতীয়ার্ধে গোছালো ফুটবল খেলে দুই গোল তুলে নেয় তারা।
সপ্তদশ মিনিটে অবশ্য ভাগ্যের জোরে বেঁচে যায় শ্রীলঙ্কার ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা। সতীর্থের বাড়ানো লম্বা ক্রস ধরে বক্সের বাইরে থেকে কলকাতা মোহামেডানের করিম নুরাইনের শট বাম পোস্টে লেগে প্রতিহত হয়।
৩৮তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ভারতের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা দলটি। মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ছোট বক্সের একটু বাইরে থেকে আলতো টোকায় সলিড গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান তাউরুস তেকোমপ্লেহ মান্নেহ।
প্রথমার্ধের শেষ দিকে মান্নাহর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ১-০ স্কোরলাইনে এগিয়ে থেকে বিরতিতে যায় কলকাতা ফুটবল লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায় সলিড। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতে করতে এগিয়ে যাওয়া এ ও শোলা বক্সের বাইরে থেকে গতিময় শটে লক্ষ্যভেদ করেন।
সমতায় ফেরার পর সলিডের আক্রমণের ধার বাড়ে। তবে চার মিনিটের মধ্যে দুইবার হতাশ হতে হয় কলকাতা মোহামেডানকেও। ৭০তম মিনিটে নুরাইনের ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে আইটিএম ফাজেল রুখে দেন; এরপর কামরান ফারুকের শট ফাজেলের হাত ছুঁয়ে পোস্ট ঘেষে বেরিয়ে যায়।
৮৮তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় সলিড। ফিগুরাদোর ফ্রি কিকে কলকাতা মোহামেডানের মনিরুল মন্ডল হেড করলে বল যায় বিপদজনক জায়গায় থাকা এস জেনানারুবানের পায়ে; নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করতে ভুল হয়নি এই মিডফিল্ডারের। এই স্কোরলাইন ধরে রেখে ম্যাচের বাকিটা সময় পার করে দেয় শ্রীলঙ্কার ঘরোয়া লিগের সেরারা।
